২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইওয়াচ নিয়ে পাঁচ প্রত্যাশা

সব গুজবের অবসান ঘটিয়ে এই বছরের অক্টোবরেই বাজারে আসছে টেক জায়ান্ট অ্যাপলের স্মার্টওয়াচ। নিজস্ব প্রতিবেদনে আইওয়াচের উৎপাদন এবং বাজারে আসার সম্ভাব্য সময় হিসেবে অক্টোবর মাসের কথাই জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং সংবাদ সংস্থা রয়টার্স ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 06:50 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

কিন্তু অ্যাপলের আসন্ন এই গ্যাজেটে ঠিক কী বা কোন জিনিসগুলো থাকবে বলে আশা করা যেতে পারে? সম্প্রতি এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, অ্যাপলের স্মার্টওয়াচে পাঁচ প্রত্যাশিত ফিচারের কথা।

এক নজরে জেনে নেওয়া যাক আইওয়াচের সেই প্রত্যাশিত পাঁচ ফিচার--

১. আসল স্মার্টওয়াচ!

আসল স্মার্টওয়াচের বিষয়টি ব্যাখ্যা করে সিএনএন বলেছে, বাজারে প্রচলিত স্মার্টওয়াচগুলো আসলে স্মার্টফোনের মতো সেবা দিতে সক্ষম নয়। যার ফলে স্মার্টওয়াচ নির্মাতারা চেষ্টা করে ব্লুটুথ বা ওয়্যারলেস সংযোগের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে স্মার্টওয়াচকে সংযুক্ত করতে যাতে ফোনে কল বা নোটিফিকেশন আসলে তা স্মার্টওয়াচেই টের পাওয়া যায়। সিএনএন প্রত্যাশা করছে, অ্যাপল এই গতানুগতিক ধারা অতিক্রম করে প্রতিষ্ঠানটির অন্যান্য প্রযুক্তি পণ্যের মতো ভিন্নধর্মী একটি স্মার্টওয়াচ নিয়ে আসবে। যা হয়তো পাল্টে দেবে স্মার্টওয়াচের সংজ্ঞাই ।

২. ওয়্যারলেস চার্জিং

আইওয়াচে ওয়্যারলেস চার্জিংয়ের ব্যবস্থা থাকবে এমন প্রত্যাশাই করছে সিএনএন। কারণ হিসেবে সংবাদমাধ্যমটি যা জানিয়েছে তার সারসংক্ষেপ হল, এখন মানুষ প্রচুর ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করে। এগুলোর অধিকাংশই চার্জ দিয়ে রাখতে হয়। ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা থাকলে ব্যবহারকারীদের চার্জের জন্য পোর্ট খোঁজার ঝামেলা পোহাতে হবে না।

৩. উন্নত ব্যাটারি লাইফ

কেউই এমন স্মার্টওয়াচ কিনতে চাইবে না, যেটিকে স্মার্টফোনের মতো প্রায় প্রতিদিন চার্জ দিয়ে সচল রাখতে হবে। বাজারে বর্তমানে যেসব স্মার্টওয়াচ রয়েছে, সেগুলোর ব্যাটারি লাইফ অনেকটাই উন্নত। এসব স্মার্টওয়াচে গড়ে দুই থেকে তিন দিন চার্জ থাকে বলেই জানিয়েছে সিএনএন। অ্যাপল স্মার্টওয়াচের ব্যাটারি লাইফ বর্তমানে বিদ্যমান স্মার্টওয়াচ থেকেও উন্নত হবে বলে আশা করছে সংবাদসংস্থাটি।

৪. বাড়তি সংযোগ ক্ষমতা

আইওয়াচের সঙ্গে আইফোন বা আইপ্যাডের সংযুক্ত সুবিধার দিকে অ্যাপলের নজর থাকবে, কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। তবে সিএনএন-এর মতে আরও ভালো হয় যদি শুধু আইওয়াচে স্পর্শ করার মাধ্যমে আইপডে গান বাজানো যায় বা অ্যাপল টিভির চ্যানেল পরিবর্তন করা, পছন্দের ছবি বা ভিডিও টিভিতে দেখার মতো ফিচার থাকে।  

আর যদি আইওয়াচের মাধ্যমে অ্যাপল ঘরের লাইট জ্বালানো/নেভানো থেকে শুরু করে দরজা লক করার মতো ফিচারও নিয়ে আসে তাহলে আসন্ন এই গ্যাজেটটি আসলেই আকর্ষণীয় হবে বলে মন্তব্য সিএনএনের।

৫. যুক্তিসংগত দাম

অ্যাপল পণ্যের দাম অন্যান্যদের তুলনায় একটু বেশি হয়ে থাকে। কিন্তু যদি সবধরনের গ্রাহকদের কথা ভেবে অ্যাপল তাদের আইওয়াচের দাম যুক্তিসংগতভাবে নির্ধারণ করে তাহলে অনেকেই এই গ্যাজেটটি কিনতে পারবে। ক্রেতার সংখ্যা আরও বৃদ্ধি পাবে প্রতিষ্ঠানটির। আর তাই সিএনএনের প্রত্যাশা, অ্যাপল ভেবেচিন্তে এমন একটি দাম নির্ধারণ করবে যা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকেও লাভজনক হবে এবং গ্রাহকদের দিক থেকেও হবে সুবিধাজনক। কিন্তু তাই বলে স্বল্পদামের জন্য অসাধারণ ফিচার হারাতে রাজি নয় বলেই প্রতিবেদনে জানিয়েছে সিএনএন!