ফায়ার ফোন: ভালোই তবে ‘দুর্দান্ত’ নয়!
সম্প্রতি নিজেদের প্রথম স্মার্টফোন ‘অ্যামাজন ফায়ার’ উন্মোচন করেছে রিটেইল জায়ান্ট অ্যামাজন। বাজারের নবাগত হিসেবে চমকপ্রদ ফিচারের অভাব নেই এতে। তারপরও অ্যাপল আর স্যামসাংয়ের মতো শীর্ষ স্মার্টফোন নির্মাতার সিংহাসনের জন্য অ্যামাজনের হুমকি হয়ে দাঁড়ানোর সম্ভাবনা নিতান্তই কম বলে মনে করছেন বোদ্ধারা।
স্মার্টফোন বাজারে অ্যামাজনের পিছিয়ে থাকার কারণগুলো এক প্রতিবেদনে বিস্তারিত ব্যাখ্যা করেছে সিএনএন।
প্রথমত প্রযুক্তি বাজারে টিকে থাকতে কিন্ডল ফায়ার ট্যাব নিয়ে অ্যামাজন যে কৌশল খাটিয়েছে তা কাজ করবে না ফায়ার ফোনের ক্ষেত্রে। বাজারের যে কোনো প্রতিষ্ঠিত ব্র্যান্ডের ট্যাবলেটের থেকে দাম কম কিন্ডল ফায়ারের। কখনও একদম সীমিত লাভে, কখনও-বা লোকসান দিয়েই ট্যাবলেটগুলো বিক্রি করছে অ্যামাজন। ক্রেতারা পরে ট্যাবলেটগুলো থেকে অ্যামাজনের সাইট থেকে কেনাকাটা করলে সেখান থেকেই লোকসানের হিসেব মিলিয়ে লাভের অংশ হিসেব করে থাকে অ্যামাজন।
ফায়ার ফোনের দাম কিন্ডল ফায়ার ট্যাবলেটের মতো কম তো নয়ই; বরং ক্ষেত্রবিশেষে আইফোন ৫এস বা গ্যালাক্সি এস৫-এর সমান। ফলে যারা কিন্ডল ফায়ারের মতো কম দামে ফায়ার ফোন কেনার অপেক্ষায় ছিলেন, পূরণ হচ্ছে না তাদের সেই আশা।
এখন প্রশ্ন দাঁড়ায় গাঁটের পয়সা যখন বেশিই খরচ করতে হবে, তখন আইফোন বা গ্যালাক্সি বাদ দিয়ে ফায়ার ফোন কেন কিনবেন একজন ক্রেতা। উত্তরে অ্যামাজন নির্বাহীরা অবশ্যই বলবেন এর থ্রিডি গ্রাফিক্স ফিচারের কথা। থ্রিডি ভিজুয়াল ক্ষমতাসম্পন্ন এই স্মার্টফোনটির সামনের অংশে চারটি ফেইস-ট্র্যাকিং ক্যামেরা রয়েছে। এই ক্যামেরাগুলোর সাহায্যে অঙ্গভঙ্গির সাহায্যেই নিয়ন্ত্রণ করা যাবে ক্যামেরা।
থ্রিডি গ্রাফিক্স ফিচারের বদৌলতে গেইম নির্মাতারাও বড় একটা সুবিধা পাবেন ফায়ার ফোনের জন্য গেইম নির্মাণে। থ্রিডি ম্যাপের অ্যাপও হতে পারে চমকপ্রদ একটি ফিচার।
অ্যামাজনের প্রথম এই স্মার্টফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ফায়ার ওএস ৩.৫.০। ব্যবহারকারী হালকা নাড়ানোর মাধ্যমেই স্মার্টফোনের মেনু নিয়ে আসতে পারবেন এবং ওয়েবপেইজে স্ক্রল করতে পারবেন।
তবে সবচেয়ে উল্লেখযোগ্য ফিচারটিউ হয়তো এর ‘ফায়ারফ্লাই’ অ্যাপ।। অ্যাপটি স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করে যে কোনো বস্তু চিনে নিতে পারবে। এরপর ব্যবহারকারী সেই জিনিসটি কিনতে চাইলে সরাসরি অনুসন্ধান চালাতে পারবেন অ্যামাজনের সাইটে।
কিন্তু এই অভিনব ফিচারগুলোর উপস্থিতি থাকলেও প্রশ্ন রয়ে যায় এর কার্যকারিতা নিয়ে। ফিচারগুলো অবশ্যই চমকপ্রদ, কিন্তু একজন ব্যবহারকারীর কতটা কাজে আসবে এই ফিচারগুলো সেই প্রশ্নই তোলা হয়েছে সিএনএনের প্রতিবেদনে। থ্রিডি গ্রাফিক্স প্রযুক্তি বা ফায়ারফ্লাই অ্যাপ নেই বাজারের অন্য কোনো স্মার্টফোনে। কিন্তু সাধারণ ব্যবহারকারীদের জন্য এই ফিচার বা অ্যাপগুলো অপরিহার্য বা অতিপ্রয়োজনীয় নয়। সোজা কথায় স্মার্টফোনে এই ফিচারগুলো না থাকলেও বেশি কিছু আসবে যাবে না সাধারণ ব্যবহারকারীদের।
ফায়ার ফোন ক্রেতাদের উদ্বুদ্ধ করতে স্মার্টফোনটির সঙ্গে ফ্রি হিসেবে ‘অ্যামাজন প্রাইম সাবস্ক্রিপশন’ সেবা দিচ্ছে অ্যামাজন। অর্থ্যাৎ এক বছরের জন্য যে কোনো অ্যামাজন পণ্য কিনে দুই দিনের ফ্রি শিপিং সুবিধা পাবেন ক্রেতারা।
সব মিলিয়ে নতুন স্মার্টফোন কিনতে চাইলে অবশ্যই বিবেচনায় রাখা যেতে পারে অ্যামাজনের ফায়ারফোন। তবে বর্তমান আইফোন ৫এস বা স্যামসাং গ্যালাক্সি এস৫ নিয়ে খুশি থাকলে স্মার্টপেঅনটি না বদলানোই হয়ত বুদ্ধিমানের কাজ হবে বলে মন্তব্য করেছে সাইটটি।
