হার্লি-ডেভিডসনের নিঃশব্দ বাইক!
দৃষ্টিসীমায় আসার আগেই কেবল ইঞ্জিনের গর্জনে নিজের দানবীয় উপস্থিতির জানান দেয়, পৃথিবীতে এমন মোটরবাইক ব্র্যান্ড সম্ভবত একটাই—হার্লি-ডেভিডসন। এবার সেই নির্মাতাই বানিয়ে বসেছে এমন এক বাইক যাতে থাকবে না ইঞ্জিনের সিগনেচার আওয়াজ। সম্প্রতি নিজেদের প্রথম ইলেকট্রিক মোটরবাইক উন্মোচন করে বাইকভক্তদের বেশ চমকে দিয়েছে মার্কিন এই আটোমোবিল আইকন।
তবে বাণিজ্যিকভাবে উৎপাদন করে বাজারে বিক্রি করা হবে না হার্লির ‘প্রজেক্ট লাইভওয়্যার’ বাইকটি। স্পোর্টসবাইকের জগতে প্রজেক্ট লাইভওয়্যারের অভিষেক হচ্ছে পরীক্ষামূলক যান হিসেবে।
বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, প্রজেক্ট লাইভওয়্যারে চড়ার সুযোগ মিলবে কেবল হার্লি ডেভিডসনের নির্বাচিত ক্রেতাদের। বাইকটিতে চড়ে তারা যুক্তরাষ্ট্রের এমাথা-ওমাথা পাড়ি দেবেন বিখ্যাত রুট ৬৬ ধরে। আর ওই রাইডারদের ফিডব্যাকের উপর নির্ভর করবে হার্লি ডেভিডসনের প্রথম ইলেকট্রিক বাইকের ভবিষ্যৎ।
প্রজেক্ট লাইভওয়্যারের সবচেয়ে বড় ফিচারগুলোর একটি হল ‘শব্দহীনতা’। ইলেকট্রিক বাইক হিসেবে এই ফিচারটি অনেকের কাছে যথার্থ মনে হলেও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন হার্লি ডেভিডসন ভক্তরা।
“দেখতে বেশ ভালোই, তবে আমি এটাতে আসল একটা ইঞ্জিন চাই।”-- প্রজেক্ট লাইভওয়্যার বাইক নিয়ে মন্তব্য করেছেন ব্রিটিশ নাগরিক ডেভ স্কট।
হার্লি-ডেভিডসন রাইডার্স ক্লাবের আরেক সদস্য ড্যাজলিন (ছদ্মনাম) বলেন, “ইলেকট্রিক বাইক হিসেবে দেখতে বেশ ভালোই এটা। তবে ব্যস্ত রাস্তাঘাটের জন্য এটা ‘রেসিপি ফর ডিজাস্টার’ বলে মনে করি আমি।”
তবে ভক্তদের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেও নিজের অবস্থান থেকে সরছেন না হার্লি ডেভিডসনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হানস। “প্রজেক্ট লাইভওয়্যার হল ব্যক্তিস্বাত্যন্ত্র আর আইকনিক স্টাইলের অভিব্যক্তি, ঘটনাক্রমে যা একটা ইলেকট্রিক বাইক।”-- এমনটাই বলেছেন হানস।
প্রজেক্ট লাইভওয়্যার বাইকটিকে কোম্পানি এবং ব্র্যান্ড হিসেবে হার্লি ডেভিডসনের এক ‘বোল্ড স্টেটমেন্ট’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
