অ্যান্ড্রয়েড-উইন্ডোজেও ‘কিল সুইচ’
অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে ‘কিল সুইচ’ ফিচার যোগ করেছে দুই প্রযুক্তি-জায়ান্ট গুগল ও মাইক্রোসফট। ‘কিল সুইচ’ ব্যবহার করে চুরি হওয়া স্মার্টফোন ব্যবহারের অযোগ্য করে দিতে পারবেন ডিভাইসটির মালিক। ফলে স্মার্টফোনগুলো চুরি করলেও কোনোভাবেই আর ব্যবহার করতে পারবে না চোর, স্মার্টফোন চুরির বিষয়টিই হয়ে দাঁড়াবে অর্থহীন
স্মার্টফোনের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে ফোন চুরির ঘটনাও। বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৩ সালে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেই চুরি হয়েছে ৩১ লাখেরও বেশি স্মার্টফোন। ইউরোপে প্রতি তিনজনের মধ্যে একজন নিজের স্মার্টফোন হারিয়েছেন অপরাধীদের কাছে। ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় স্মার্টফোন চুরির ঘটনা বেড়ে পাঁচ গুণ হয়েছে।
এই অবস্থা মোকাবেলায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা দাঁড়া করানোর চেষ্টা করছিল পদক্ষেপ প্রযুক্তি পণ্যনির্মাতা প্রতিষ্ঠান আর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। সেই কার্যকর প্রতিরোধ ব্যবস্থার অংশ হিসেবে অভিষেক হচ্ছে কিল সুইচের।
মূলত দুই ধরনের কিল সুইচ বিবেচনায় রেখেছে প্রযুক্তি প্রতিষ্ঠান এবং আইন-প্রণেতারা। প্রথমটিকে বলা হচ্ছে ‘হার্ড কিল সুইচ’, যা চুরি হওয়া স্মার্টফোনকে চিরস্থায়ী ব্যবহারের অযোগ্য করে ফেলবে। এটিতেই বেশি সমর্থন আইন-প্রণেতা আর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর। আর দ্বিতীয়টিকে বলা হচ্ছে ‘সফট কিল সুইচ’। এতে অনুমতি নেই এমন কেউ ব্যবহার করতে পারবেন না স্মার্টফোন, তবে চিরস্থায়ীভাবে ব্যবহারের অযোগ্য হবে না ডিভাইসটি।
অ্যান্ড্রয়েড আর উইন্ডোজ স্মার্টফোনের অপারেটিং সিস্টেমে কিল সুইচের কার্যক্ষমতা নিয়ে অনেকেই আশাবাদী হলেও আশংকাও প্রকাশ করেছেন প্রযুক্তিবোদ্ধাদের কেউ কেউ। হ্যাকাররা কিল সুইচকেই অকেজো করে দিয়ে মোবাইল ফোনটি বন্ধ করে দেওয়ার উপায় বের করে নিতে পারবে বলে মনে করছেন তারা। মোবাইল ফোন বন্ধ থাকলে বা অ্যারোপ্লেন মোডে থাকলে কিল সুইচ সিগনাল গ্রহণ করবে না স্মার্টফোনগুলো। অপরাধীরা এই দুর্বলতার সুযোগ নেবে বলে আশংকা করছেন তারা।
তবে ইতিবাচক দিক হচ্ছে, একইরকম ফিচার দিয়ে সাফল্য পেয়েছে টেক জায়ান্ট অ্যাপল। গুগল ও মাইক্রোসফটের কিল সুইচের আগেই ২০১৩ সালের সেপ্টেম্বরে আইওএস ৭ অপারেটিং সিস্টেমের মাধ্যমে ‘অ্যাক্টিভেশন কি’ ফিচারটি এনেছিল প্রতিষ্ঠানটি।
ব্যাপক প্রভাব ফেলেছে অ্যাপলের নতুন সিকিউরিটি ফিচারটি। সেপ্টেম্বরের পর পাঁচমাসে নিউ ইয়র্ক সিটিতে আইফোন চুরির ঘটনা কমেছে ১৭ শতাংশ। একই সময়ে মধ্যে লন্ডন এবং স্যান ফ্রান্সিসকোতে এই হার যথাক্রমে ২৪ শতাংশ এবং ৩৮ শতাংশ।
