দেউলিয়া ঘোষিত এমটি গক্স
যুক্তরাষ্ট্রের দেউলিয়া সুরক্ষা পেয়েছে টোকিওভিত্তিক বিটকয়েন এক্সচেঞ্জ প্রতিষ্ঠান এমটি গক্স। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আদালত এমটি গক্সের আবেদন মঞ্জুর করেছে।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের গ্রাহকদের সঙ্গে সমোঝোতা এবং ব্যবসা বিক্রি করার আবেদন জানানোর পর যুক্তরাষ্ট্র আদালত প্রতিষ্ঠানটিকে দেউলিয়া সুরক্ষা প্রদান করেছে।
একসময় ডিজিটাল কারেন্সি লেনদেনে এমটি গক্স ছিল বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান। এই বছরের শুরুর দিকে প্রতিষ্ঠানটি নিজেদের সাইট বন্ধ করে দিয়ে জানায় সাইবার আক্রমণে তারা আট লাখ ৫০ হাজার বিটকয়েন হারিয়েছে। যার বর্তমান মূল্যে ৫০ কোটি ডলারেরও বেশি হবে বলেই জানিয়েছে রয়টার্স।
এরপর মার্চে প্রতিষ্ঠানটি দেউলিয়া সুরক্ষার জন্য আদালতে আবেদন করে যাতে এমটি গক্সের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া যুক্তরাষ্ট্রের গ্রাহকরা তাদের সম্পত্তি জব্দ না করাতে পারে। পরবর্তীতে প্রতিষ্ঠানটি জানায়, তারা ২০ হাজার বিটকয়েন খুঁজে পেয়েছে।
বর্তমান চুক্তি অনুসারে, যুক্তরাষ্ট্র এবং কানাডিয়ান গ্রাহকরা এমটি গক্সের খুঁজে পাওয়া ২০ হাজার বিটকয়েন ভাগ করে নেবেন এবং এমটি গক্স বিক্রি হবার পর প্রতিষ্ঠানটির ১৬.৫ শতাংশ শেয়ারের ভাগ পাবেন।
সানলট নামের একটি প্রতিষ্ঠান ইতোমধ্যেই এক বিটকয়েনে (৬০০ ডলার) এমটি গক্সকে কেনার প্রস্তাব দিয়েছে। তবে সানলটের প্রস্তাব গ্রহণ করতে এমটি গক্সের টোকিও ডিস্ট্রিক্ট আদালতের অনুমোদন লাগবে বলেই জানিয়েছে রয়টার্স।
