অনলাইনে নজরদারীর পক্ষে যুক্তরাজ্য
বিদেশি প্রতিষ্ঠান হওয়ায় কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়াই বৈধভাবে ওয়েব জায়ান্ট গুগল, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এবং ওয়েবভিত্তিক ইমেইলে নজরদারী করতে পারবে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা ‘জিসিএইচকিউ’-- জানিয়েছে দেশটির সরকার।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ক্যাম্পেইন গ্রুপ প্রাইভেসি ইন্টারন্যাশনালের (PI) সঙ্গে বৈধ লড়াইয়ের একটি অংশ হিসেবে নতুন এই নীতিটি প্রণয়ন করা হয়েছে।
এই প্রসঙ্গে যুক্তরাজ্যের অফিস ফর সিকিউরিটি অ্যান্ড কাউন্টার-টেরোরিসমের (OSCT) প্রধান চার্লস ফার জানিয়েছেন, বৈদেশিক যোগাযোগ শ্রেণিভুক্ত কর্মকাণ্ড উন্মুক্ত ওয়ারেন্টেই কভার করা এবং কোনো রকম অতিরিক্ত স্বচ্ছতা ছাড়াই বিঘ্নিত করা যাবে।
এবারই প্রথমবারের মতো নজরদারী প্রসঙ্গে যুক্তরাজ্য কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানাল। প্রাইভেসি ইন্টারন্যাশনালকে ফার জানিয়েছেন-- ফেইসবুক, টুইটার, ইউটিউব, গুগলে ওয়েব সার্চ এবং ইয়াহু ও হটমেইলের মতো ওয়েবমেইল সেবাগুলোকে ‘বৈদেশিক যোগাযোগ’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। অর্থাৎ, এই সেবাগুলোতে নজরদারী কর্মসূচি চালাতে যুক্তরাজ্য সরকারের অতিরিক্ত কোনো আইনি কারণ দেখাতে হবে না।
তবে দেশটির অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে নাগরিকদের নামে ওয়ারেন্ট ইস্যু হলে শুধু ওই যোগাযোগে নজরদারী চালানো যাবে। কিন্তু সেক্ষেত্রেও অবৈধ কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ওয়ারেন্ট ইস্যু করা যাবে এবং ওয়ারেন্টে অবশ্যই দেশটির প্রধানমন্ত্রীর স্বাক্ষর থাকতে হবে। কিন্তু বৈদেশিক যোগাযোগের ক্ষেত্রে এসব নিয়মের কোনোটাই প্রযোজ্য হবে না। এ বিষয়ে ৪৮ পাতার এক বিবৃতি দেয়া হয়েছে বলেই জানিয়েছে বিবিসি।
