মাইক্রোস সিস্টেমকে কিনতে চায় ওরাকল
৫০০ কোটি ডলারে রিটেইলার এবং চেইন হোটেলগুলোর জন্য সফটওয়্যার নির্মাতা মাইক্রোস সিস্টেমস কিনতে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক ডেটাবেইজ সফটওয়্যার জায়ান্ট ওরাকল করপোরেশন। তবে আলোচনার টেবিলে এখনও সব বিষয়ে একমত হতে পারেনি দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তরা।
সম্ভাব্য মালিকানা হাতবদল নিয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে চলতি আলোচনার খবর জানিয়েছে বাণিজ্যভিত্তিক সংবাদের সাইট ব্লুমবার্গ। অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বেশ কিছুদিন ধরে আলোচনা চললেও এখনও সমঝোতায় আসতে পারেনি প্রতিষ্ঠান দুটি।
সম্ভাব্য চুক্তি নিয়ে ওরাকল কোনো মন্তব্য করনি বলে জানিয়েছে রয়টার্স। আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি মাইক্রোসের পক্ষ থেকেও।
এফবিআর ক্যাপিটাল মার্কেট--এর বিশ্লেষক ডেভিড আইভস বলেন, “ওরাকলের প্রতিদ্বন্দ্বীরা মাইক্রোস এর জন্য হাঁকানো দাম আরও বাড়িয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি করতে পারে। মাইক্রোস কেনার জন্য চেষ্টা করতে পারে আইবিএম কিংবা এসএসপি।”
মাইক্রোস প্রজেক্টে সাফল্য পেলে ডিমান্ডওয়্যার ইনকর্পোরেটেড এবং নেটসুট ইনকর্পোরেটেডের মতো সফটওয়্যার এবং ই-কমার্স ভেন্ডরদের সঙ্গে প্রতিযোগিতায় ওরাকল সুবিধাজনক অবস্থানে চলে আসবে বলে জানান তিনি।
ওরাকল এরইমধ্যে নিজেদের পণ্য নিয়ে বাজারে সুবিধাজনক অবস্থান তৈরি করে নিয়েছে। নিজেদের অধীনে নিয়ে এসেছে বিভিন্ন ছোট প্রতিষ্ঠানকেও।
ক্লাউড টেকনলজিকেন্দ্রিক সেবা দিয়ে অ্যামাজন ডটকম এবং র্যাকস্পেইস হোস্টিং ইনকর্পোরেটেডের মতো শক্ত অবস্থানে থাকা প্রতিষ্ঠানের বিপরীতে প্রতিযোগিতায় নামার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ওরাকল প্রতিষ্ঠাতা ও সিইও ল্যারি এলিসন।
২০০৯ সালে প্রায় ৫৬০ কোটি মার্কিন ডলারে সান মাইক্রোসিস্টেমস কিনে নিয়েছিল ওরাকল। মাইক্রোস সিস্টেমের সাথে ইতিবাচক চুক্তিতে আসতে পারলে এটিই হবে সান মাইক্রোসিস্টেমসের পর ওরাকলের সবচেয়ে বড় ক্রয়ের ঘটনা।
