২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছিল নোকিয়া!

ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছিল একসময় মোবাইল ফোনের বাজারে একচ্ছত্র আধিপত্য করে বেড়ানো প্রতিষ্ঠান নোকিয়া; তাও একেবারে ফিল্মি কায়দায়! ওই ঘটনায় শুধু কয়েক মিলিয়ন ইউরোই গচ্চা যায়নি ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির, হলিউডি মুভির মতো অপরাধীদের টিকির সন্ধানটাও  হারিয়ে ফেলেছিল স্থানীয় পুলিশ। 

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 07:34 PM

Updated : 26 Jul 2022, 12:41 PM

রয়টার্স-এক প্রতিবেদনে জানিয়েছে, নোকিয়াকে ব্ল্যাকমেইল, মুক্তিপণ, অতঃপর পুলিশের ব্যর্থতার খবর সম্প্রতি প্রচার মাধ্যমে নিয়ে এসেছে ফিনল্যান্ডের টিভি স্টেশন এমটিভি। ঘটনা ২০০৭—০৮ সালের। তৎকালীন বাজারে প্রচলিত মোবাইল ফোনের ৫০ শতাংশেরও বেশি ছিল নোকিয়ার সিমবিয়ান অপারেটিং সিস্টেমের মোবাইল ফোন। আর বেহাত হয়ে গিয়েছিল সেই ওএস-এর সোর্স কোডের এনক্রিপশান কি।

মুক্তিপন না দিলে এনক্রিপশন কি ফাঁস করে দেওয়ার হুমকি দিচ্ছিল অপরাধীরা। ফাঁস হলে প্রযুক্তি বাজারে বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াতে পারতো ওই এনক্রিপশন কি। ওই এনক্রিপশন কি ব্যবহার করে ম্যালওয়্যার তৈরি করে বিশ্বব্যাপী সিম্বিয়ান মোবাইল ফোনে ছড়িয়ে দিতে পারতো হ্যাকাররা। আর সোর্স কোডের অংশ হওয়ায়, সেটি ব্যবহার করে তৈরি ম্যালওয়্যারগুলো চিহ্নিত করাও সম্ভব হতো না।

বিপর্যয় এড়াতে মুক্তিপণ দিতে রাজি হয়েছিল নোকিয়া, জানানো হয়েছিল পুলিশকেও। ফিনল্যান্ডের ট্যাম্পেরে শহরের এক পার্কিং লটে রেখে আসা হয়েছিল মুক্তিপণের অর্থ। আর হলিউডি মুভির মতোই পুলিশের চোখ ফাঁকি দিয়ে মুক্তিপণ নিয়ে উধাও হয়েছিল অপরাধীরা।

এমটিভির ওই সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ব্ল্যাকমেইলিংয়ের ওই ঘটনায় কয়েক মিলিয়ন ইউরো  মুক্তিপণ দিতে হয়েছিল নোকিয়াকে।

ব্ল্যাকমেইলিং ঘটনা রয়টার্সকে নিশ্চিত করেছে ফিনল্যান্ডের পুলিশ বিভাগ, এখনও তদন্ত চলছে বলেই জানিয়েছে তারা। তবে ঘটনার ছয় বছর পরেও এ ব্যপারে মুখ বন্ধ রেখেছে সম্প্রতি মাইক্রোসফটের মালিকানায় যাওয়া প্রতিষ্ঠানটি।