২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতঃপর অ্যাপ স্টোরে ‘স্লিংশট’

দূর্ঘটনাক্রমে আপলোড হয়ে যাওয়ার এক সপ্তাহের মাথায় ‘স্লিংশট’ অ্যাপ স্টোরে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল ফেইসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 07:15 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

অ্যাপলের অ্যাপ স্টোরে ফটো-মেসেজিং অ্যাপ স্লিংশট লঞ্চ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্ন্যাপচ্যাটের মতোই এই অ্যাপটি দিয়েও ব্যবহারকারীরা ছবি পাঠাতে পারবেন এবং ছবির উপর লিখতে পারবেন।

অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা বন্ধুদের ছবি, ভিডিও এবং ‘রিঅ্যাকশন শটস’ পাঠাতে করতে পারবেন। তবে অ্যাপটিতে রয়েছে আনলকিং প্রক্রিয়া ‘স্লিংইং’। ছবি দেখতে হলে প্রাপককে অবশ্যই ছবিটি যিনি পাঠিয়েছেন তাকে ভিন্ন আরেকটি ছবি পাঠাতে হবে। স্ন্যাপচ্যাটের মতো স্লিংশটেও ছবি পাঠানোর পর স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে বলেই জানিয়েছে বিবিসি। 

নতুন এই অ্যাপটি তৈরি করেছে ফেইসবুকের ক্রিয়েটিভ ল্যাবস বিভাগ। স্লিংশট প্রসঙ্গে অ্যাপটির সোশাল মিডিয়া পেইজে নির্মাতারা বলেছেন, “স্লিংশটের মাধ্যমে আমরা এমন কিছু তৈরির চেষ্টা করেছি যেখানে সবাই দর্শক নয় নির্মাতার ভূমিকা পালন করবে। যখন সবাই অংশগ্রহণ করবে তখন চাপ কম থাকবে, সৃজনশীলতা বেশি হবে এবং জীবনের ছোট মূহূর্তগুলো হয়ে উঠবে শেয়ার করা অসাধারণ অভিজ্ঞতা।”

স্লিংশট ব্যবহারের জন্য ফেইসবুকে সাইন-ইন করার প্রয়োজন পড়বে না। মোবাইল ফোন নম্বরের মাধ্যমেই অ্যাপটি চালাতে পারবেন ও কনট্যাক্ট তালিকায় থাকা বন্ধুদের ছবি, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। আবার ফেইসবুক বন্ধুতালিকার মাধ্যমেও অ্যাপটি চালানো সম্ভব হবে বলেও জানিয়েছে বিবিসি।