স্যানডিস্কের মালিকানায় ফিউশন-আইও
১১০ কোটি ডলারে ফিউশন-আইও কিনে নিচ্ছে ক্যালিফোর্নিয়াভিত্তিক শীর্ষ ফ্ল্যাশ মেমোরি নির্মাতা স্যানডিস্ক। ডেটা সেন্টারের জন্য ফ্ল্যাশ মেমোরি পণ্য নির্মাণ করে থাকে ফিউশন-আইও। স্যানডিস্ক ওই প্রতিষ্ঠানটি কিনে নেওয়ার ঘোষণা দেয় সোমবার।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ফিউশন-আইও এর স্বত্ব কেনার মাধ্যমে ফ্ল্যাশ মেমোরির বাজারে আরও শক্ত অবস্থান গড়তে চাইছে স্যানডিস্ক।
ফিউশন-আইও-এর প্রতিটি শেয়ারের মূল্য ১১.২৫ ডলার হিসাব করে প্রতিষ্ঠানটির মুল্য নির্ধারণ করা হয়েছে ১১০ কোটি ডলার। পুরোপুরি নগদেই হচ্ছে লেনদেনটি।
ডেটা সেন্টারগুলোর জন্য ফ্লাশ মেমোরিভিত্তিক পণ্য ও সফটওয়ার তৈরি করে সল্ট লেক সিটিভিত্তিক প্রতিষ্ঠান ফিউশন-আইও। অন্যদিকে মোবাইল ও ট্যাবলেটে ব্যবহৃত ফ্লাশ মেমোরিভিত্তিক মেমোরি কার্ড তৈরির জন্য জনপ্রিয় স্যানডিস্ক।
এ ব্যাপারে স্যানডিস্কের প্রেসিডেন্ট ও সিইও সঞ্জয় মেহরোত্রা এক বিবৃতিতে বলেন, “ফ্ল্যাশ মেমরিনির্ভরতায় যাওয়া ডেটা সেন্টারের আমাদের কার্যক্রম ত্বরান্বিত করবে ফিউশন আই-ও। ক্রমবর্ধমান ডেটার চাপ সামলানো সহজ হয়ে যাবে প্রতিষ্ঠানগুলোর জন্য, কমবে খরচ।”
বছরের তৃতীয় প্রান্তিকের মধ্যেই কাগজে কলমে এই লেনদেনের কাজ সম্পন্ন হবে জানিয়েছে সিনেট। এই লেনদেনের প্রভাব পড়বে বছরের শেষ ছয় মাসে স্যানডিস্কের আয়ের হিসেবেও।
