এবার মোবাইল থেকেও পিসি-ম্যাক এক্সেস
ম্যাক কম্পিউটারে একসঙ্গে ম্যাক ও উইন্ডোজ অ্যাপ চালানোর সুযোগ করে দিয়ে ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল ভার্চুয়াল ওএস প্ল্যাটফর্ম প্যারালাল অ্যাকসেস। এবার মোবাইল ডিভাইসের জন্যও এসেছে প্যারালালের নতুন ভার্সন প্যারালাল অ্যাকসেস ২.০, যা হাতের মোবাইল ডিভাইসকেই পরিণত করবে পিসি বা ম্যাকের ভার্চুয়াল উইন্ডোতে।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার আইওএস অ্যাপ স্টোর আর গুগল প্লেতে যোগ হয়েছে প্যারালাল অ্যাকসেস ২.০। ভার্চুয়াল ওএস প্লাটফর্মটির বদৌলতে ব্যবহারকারীদের অনেক কাজই এখন সহজ হয়ে যাবে।
ম্যাশএবল বিষয়টিকে ব্যাখ্যা করেছে এভাবে-- ধরুন, খুব গুরুত্বপূর্ণ একটা মেইল চেক করতে হবে মাঝরাতে, কিন্তু ইমেইলটি কেবল অফিসের ডেস্কটপ কম্পিউটারের প্রোপ্রাইটারি অ্যাপ থেকেই খোলা সম্ভব। এক্ষেত্রে মাঝরাতে অফিসে দৌঁড়াতে হবে না প্যারালাল অ্যাকসেস ২.০ ব্যবহারকারীদের। ব্যক্তিগত আইওএস বা অ্যান্ড্রয়েড চালিত মোবাইল ডিভাইস থেকে চালানো যাবে অফিস ডেস্কটপের অ্যাপটি।
প্যারালাল অ্যাকসেস ২.০-তে সব ডেস্কটপ অ্যাপই অ্যাকসেস করা যাবে মোবাইল ডিভাইস থেকে। বাড়তি সুবিধা পাবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। মোবাইল ডিভাইসের হোম স্ক্রিনে রাখা যাবে ডিস্কটপ অ্যাপের আইকন। আইফোন আর আইপ্যাডের জন্য প্রয়োজন হবে বিশেষ লঞ্চার, ম্যাকের স্পটলাইটের মতো ফাইল ব্রাউজার থাকবে প্যারালাল অ্যাকসেস ২.০-তেও।
নিরাপত্তা ব্যবস্থাতেও বেশ কড়াকড়ি রেখেছেন প্যারালাল নির্মাতারা। মোবাইল ডিভাইস থেকে ডেস্কটপ অ্যাপ ব্যবহারের সময় অন্ধকার হয়ে যাবে ডেস্কটপের স্ক্রিন, ‘মিউট’ থাকবে স্পিকার। আর ডেস্কটপে লগ-ইন করার মতো মোবাইল ডিভাইস থেকেও লগ-ইন করতে হবে প্যারালাল অ্যাকসেস ২.০ ব্যবহারের সময়।
প্যারালাল অ্যাকসেস ২.০ দিয়ে আইওএস বা অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে পাঁচটি আলাদা আলাদা কম্পিউটারের অ্যাপ ব্যবহার করা যাবে। এ জন্য খরচ করতে হবে ১৯.৯৯ ডলার। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের জন্যও প্যারালাল অ্যাকসেসে ২.০-এর আলাদা ভার্সন নিয়ে এসেছে এর নির্মাতারা।
