২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যামাজনে এল মিউজিক স্ট্রিমিং

যুক্তরাষ্ট্রে নিজস্ব মিউজিক-স্ট্রিমিং সেবা চালু করেছে রিটেইল জায়ান্ট অ্যামাজন। তবে সেবাটি শুধু অ্যামাজনের প্রিমিয়াম সেবা ‘প্রাইম’ গ্রাহকদের জন্যই সীমাবদ্ধ রেখেছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 03:43 PM

Updated : 25 Apr 2022, 04:19 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির অন্যান্য মিউজিক-স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠান স্পটিফাই, ডিজার, বিটস ইত্যাদির তুলনায় অ্যামাজনের মিউজিক-স্ট্রিমিং সেবায় গানের সংখ্যা অনেকটাই কম।

বর্তমানে অ্যামাজনের মিউজিক-স্ট্রিমিং সেবায় গানের সংখ্যা দশ লাখের চেয়ে কিছুটা বেশি হবে বলেই জানিয়েছে বিবিসি। অন্যদিকে বিদ্যমান মিউজিক-স্ট্রিমিং সেবাদাতা স্পটিফাই ও বিটস দুটি প্রতিষ্ঠানের ক্যাটালগেই রয়েছে দুই কোটি করে গান। আর মিউজিক-স্ট্রিমিং সেবাদাতা ডিজারের ক্যাটালগে গানের সংখ্যা তিন কোটি।

সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য অনুসারে, বিশ্বের বৃহত্তম রেকর্ড প্রতিষ্ঠান ইউনিভার্সালের সঙ্গে চুক্তিবদ্ধ হতে না পারার কারণেই অ্যামাজন ক্যাটালগে গানের সংখ্যা বাড়াতে পারেনি। তবে ওয়ার্নার মিউজিক এবং সনির সঙ্গে অ্যামাজন চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

অ্যামাজন জানিয়েছে, কোনো প্রকারের বিজ্ঞাপন বা প্লেব্যাক নিষেধাজ্ঞা ছাড়াই প্রাইম গ্রাহকরা তাদের মিউজিক লাইব্রেরির সেবা গ্রহণ করতে পারবেন। গ্রাহকরা চাইলে নিজস্ব মোবাইল ডিভাইসে গান ডাউনলোডও করতে পারবেন। এর ফলে প্রাইম গ্রাহকদের গান শুনতে ইন্টারনেটের প্রয়োজন পড়বে না।

অ্যাপল ও গুগল অ্যান্ড্রয়েড ডিভাইস এবং পিসি ও ম্যাকে প্রাইম গ্রাহকরা অ্যামাজন অ্যাপের মাধ্যমে মিউজিক-স্ট্রিমিং সেবা নিতে পারবেন বলেই জানিয়েছে বিবিসি।