আইওএস ৮-এ এক স্ক্রিনে দুই অ্যাপ
আইওএস ৮ এর প্রথম বেটা সংস্করণের অভ্যন্তরীন কোডের সাহায্যে ব্যবহারকারী এক স্ক্রিনে পাশাপাশি একাধিক অ্যাপ চালাতে পারবেন। সম্প্রতি আইওএস ৮ এর এই ফিচার সম্পর্কে জানা গেছে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, সর্বপ্রথম ডেভেলপার স্টিভেন ট্রউটন-স্মিথ এই ফিচারটি খুঁজে পান। তিনি এই ফিচার প্রসঙ্গে টু্ইটারে আলোচনা করেছেন।
স্মিথ জানিয়েছেন, আইওএস ৮ স্প্রিংবোর্ডে এমন একটি কোড রয়েছে যার সাহায্যে দুটি অ্যাপ পাশাপাশি চালানো সম্ভব হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, অ্যাপ সুইচারে পাশাপাশি অ্যাপগুলোকে একক স্ক্রিনে দেখা যায়। এই তথ্যগুলো প্রথমে অ্যাপল ইনসাইডারের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে বলেই জানিয়েছে ম্যাশএবল।
তবে বর্তমানে আইওএস ৮-এ কোডটি থাকলেও এটি ভবিষ্যতে থাকবে কিনা সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। ম্যাশএবলের তথ্য অনুসারে, অ্যাপল পরবর্তী বেটা সংস্করণে কোডটি নাও রাখতে পারে।
এ বছরের মে মাসের শুরুর দিকে অ্যাপলের স্প্লিট-স্ক্রিন মাল্টিটাস্কিং ফিচারবিষয়ক গুজব ছড়িয়েছিল। কিন্তু অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভলপারস কনফারেন্সের কিছুদিন আগে জানা যায়, ফিচারটি এখনও সম্পূর্ণরূপে প্রস্তুত হয়নি, ফিচারটিকে আরও উন্নত করার কাজ চলছে।
