২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে টুইটার অ্যাপে এল অনুবাদ

নিজস্ব আইওএস অ্যাপে অনুবাদ সেবা যোগ করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। মূলত বিশ্বকাপ নিয়ে ভিন্ন ভিন্ন ভাষায় একই বিষয় নিয়ে টুইট করছেন বিভিন্ন দেশের টুইটার ব্যবহারকারীরা। তারা যাতে একে অপরের টুইট বুঝতে পারেন সেজন্যই এই উদ্যোগটি নিয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 05:39 PM

Updated : 25 Apr 2022, 04:19 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল সিনেটের বরাত দিয়ে জানিয়েছে, আইওএস অ্যাপে অনুবাদ সেবা যোগ করতে মাইক্রোসফট মালিকানাধীন সার্চ ইঞ্জিন বিং-এর সাহায্য নিচ্ছে টুইটার।

বিশেষ এই টুইট অনুবাদ সেবা পাওয়ার জন্য ব্যবহারকারীদের টুইটারের নতুন আইওএস অ্যাপ সংস্করণ ডাউনলোড করতে হবে। টুইটারের নতুন আইওএস অ্যাপ সংস্করণের ‘ট্রান্সলেট’ বাটনে ক্লিক করলেই বিদেশি ভাষার টুইট নিজ ভাষায় পড়তে পারবেন ব্যবহারকারীরা।

তবে এবারই প্রথম নয়, ২০১২ সালেও টুইটার বিং ট্রান্সলেটর ফিচারের সাহায্যে টুইট অনুবাদের বিষয়ে পরীক্ষা করেছিল। সেসময় স্বয়ংক্রিয়ভাবেই অন্য ভাষায় টুইট বার্তা অনুবাদ হত বলে জানিয়েছে ম্যাশএবল।

আইওএস অ্যাপের নতুন এই সেবা যোগ করার বিষয়ে টুইটার এবং মাইক্রোসফট এখনও কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে ম্যাশএবল।