২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভার্জিন গ্যালাক্টিকের শেয়ার কিনছে গুগল

এবার ব্রিটিশ মালিকানাধীন বাণিজ্যিক স্পেসফ্লাইট প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাক্টিকের শেয়ার কিনতে যাচ্ছে ওয়েবজায়ান্ট গুগল। ১ কোটি ৭৮ লাখ পাউন্ডের বিনিময়ে ভার্জিন গ্যালাক্টিকের শেয়ার কিনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এতে ভার্জিনের স্যাটেলাইট প্রযুক্তির একটা বড় অংশ চলে আসবে গুগলের হাতের নাগালে।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 03:07 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেস টুরিজম ব্যবসার শেয়ার কিনতে আলোচনা চলছে ভার্জিন গ্যালাক্টিক এবং গুগলের মধ্যে। অন্যদিকে স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুই প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরেই। আর সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই চুক্তির কাজটাও সেরে নেবে প্রতিষ্ঠান দুটি।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, প্রথমত দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত এক প্রকল্পে কোটি ডলার যোগান দেবে গুগল। আর প্রযুক্তিগত সমর্থন দেবে ভার্জিন গ্যালাক্টিক। দ্বিতীয়ত ভার্জিন গ্যালাক্টিকের শেয়ারের ছোট একটা অংশ কিনে নেবে গুগল। ওই ছোট অংশ ১.৫ শতাংশ হতে পারে বলে মন্তব্য করেছে গার্ডিয়ান।

বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে বারবার পিছিয়েছে ভার্জিনের স্পেস টুরিজম প্রোগ্রাম। তবে বছরের শেষ নাগাদ ভার্জিন মহাকাশে অভিযানের জন্য পুরোপুরি প্রস্তুত হবে এমনটাই আশা করা হচ্ছে। গুগলের মতো শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে যেতে পারলে সম্ভাব্য সেবাগ্রাহকদের কাছে ‘বিশ্বাসযোগ্যতা’ বাড়বে প্রতিষ্ঠানটির।

অন্যদিকে সম্প্রতি ৫০ কোটি ডলারের বিনিময়ে স্যাটেলাইট স্টার্টআপ স্কাইবক্স ইমেজিং কিনে নিয়েছে গুগল। স্টার্টআপ প্রতিষ্ঠানটির সুযোগ নিয়ে ডিজিটাল ম্যাপ আরও উন্নত করতে পারবে গুগল। ইতোমধ্যে মহাকাশে অবস্থান করছে স্কাইবক্সের স্যাটেলাইট। এর সঙ্গে ভার্জিন যুক্ত হলে বিশ্বব্যাপী ইন্টারনেট কাভারেজ নিশ্চিত করা আরও সহজ হয়ে যাবে গুগলের জন্য। সব মিলিয়ে নতুন সেবা গ্রাহকদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বিজ্ঞাপন খাত থেকে প্রতিষ্ঠানটির আয়ও।