আবার নেটফ্লিক্স পাসওয়ার্ড ফাঁস!
আবারও নেটফ্লিক্স পাসওয়ার্ড ফাঁস করে দেওয়ার দাবি করেছে হ্যাকারদের সংগঠন ডার্প। অনলাইনের ডার্পের পোস্ট করা তালিকায় ১৮শ’র বেশি ব্যবহারকারীর তথ্য আছে। তবে এগুলো নতুন ইউজারনেইম-পাসওয়ার্ড নাকি পুরনো ক্রেডিনশিয়াল তা নিশ্চিৎ হওয়া যায়নি।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, এর আগে ডিসেম্বর মাসেও ফাঁস হয়েছিল নেটফ্লিক্স ব্যবহারকারীদের আইডি-পাসওয়ার্ড। আর ডিসেম্বরে ফাঁস হওয়া আইডি-পাসওয়ার্ডের সঙ্গে অনেক মিল রয়েছে ডার্পের বর্তমান তালিকার।
নেটফ্লিক্স বিশ্বব্যাপী প্রায় ৫ কোটি গ্রাহককে ভিডিও স্ট্রিমিং ও ভাড়ায় ডিভিডি সরবরাহের সেবা দিয়ে থাকে। নেটফ্লিক্স বিষয়টি সম্পর্কে অবহিত আছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এক মুখপাত্র।
সিনেট জানিয়েছে, হ্যাকারদের ফাঁস করা তালিকার প্রায় ১৮০০-র অধিক ইউজারনেম ও পাসওয়ার্ডের সঙ্গে মিলে গেছে গত ডিসেম্বরে ফাঁস হওয়া তালকাটি। যাচাই করে দেখা হয়েছে নতুন তালিকার ডজনখানেকেরও বেশী ইউজারনেম ও পাসওয়ার্ড, কোনটিই কাজ করেনি।
অন্যদিকে তালিকায় থাকা পাসওয়ার্ডটি পুরনো বলে নিশ্চিত করেছেন এক নেটফ্লিক্স ব্যবহারকারী। “পাসওয়ার্ডটা এক বছরের পুরনো।”-- বলেন ২৪ বছর বয়সী ট্রাভিস হামিল। তারপর থেকে কয়েকবার পাসওয়ার্ড পাল্টে নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।
“হ্যাকারদের সংগঠন ডার্প হয়তো কিছু পুরনো পাসওয়ার্ড ও অব্যবহৃত অ্যাকাউন্টের তথ্য অনলাইনে পোস্ট করে নেটফ্লিক্স ব্যবহারকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে”- বলে প্রতিবেদনে মন্তব্য করেছে সিনেট। তবে সত্যি সত্যি অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিড়ম্বনা এড়াতে পাসওয়ার্ড পরিবর্তণ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইটটি।
