পাওয়ার অ্যাডাপ্টার পাল্টে দিচ্ছে অ্যাপল
ব্যবহারের সময় দূর্ঘটনার ঝুঁকি এড়াতে অতিরিক্ত গরম হয়ে যায় এমন ইউএসবি পাওয়ার অ্যাডাপ্টার পাল্টে দিচ্ছে অ্যাপল। অক্টোবর ২০০৯ থেকে সেপ্টেম্বর ২০১২-এর মধ্যে বিক্রি হওয়া ত্রুটিপূর্ন পাওয়ার অ্যাডাপ্টারগুলো বিনামূল্যে পাল্টে দেবে মার্কিন এই টেক জায়ান্ট।
বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ত্রুটিপূর্ন অ্যাডাপ্টারগুলোর কারণে দূর্ঘটনার সম্ভবনা তেমন একটা না থাকলেও ব্যবহারকারীদের ওই চার্জারগুলো ব্যবহার না করার পরামর্শই দিয়েছে অ্যাপল। ৩৭টি দেশে বিক্রি হয়েছিল ওই অ্যাডাপ্টার, যার মধ্যে আছে এশিয়া আর আফ্রিকার দেশও।
আইফোন থ্রিজিএস, আইফোন ফোর এবং ফোরএসের সঙ্গে আলাদা অ্যাকসেসরি হিসেবেও বিক্রি হয়েছে ‘ A1300’ মডেলের ওই পাওয়ার অ্যাডাপ্টার।
এই নিয়ে দ্বিতীয়বারের মতো ইউএসবি পাওয়ার অ্যাডাপ্টার পাল্টে দিল অ্যাপল। এর আগে ২০০৮ সালে আইফোন থ্রিজির পাওয়ার অ্যাডাপ্টারও বিনামূল্যে পাল্টে দিয়েছিল প্রতিষ্ঠানটি। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, কানাডাসহ লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশে বিক্রি হয়েছিল ওই অ্যাডাপ্টারটি।
এছাড়াও চীনের বাজারে বিক্রি হওয়া নকল চার্জারও পাল্টে দিয়েছিল অ্যাপল।
