নিলামে সিল্ক রোডের বিটকয়েন
অনলাইনের অন্ধকার সাইট হিসেবে পরিচিত সিল্ক রোড থেকে জব্দ করা বিটকয়েন নিলামে উঠাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। মাদক এবং অন্যান্য অবৈধ পণ্যের ব্যবসায়ে জড়িত থাকায় ২০১৩ সালের অক্টোবরে এফবিআই সাইটটি বন্ধ করে দেয়।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সিল্ক রোড থেকে জব্দ করা এক কোটি ৮০ লাখ ডলার মূল্যের বিটকয়েন নিলামে উঠাবে যুক্তরাষ্ট্র সরকার।
সিল্ক রোডের মাস্টারমাইন্ড খ্যাত রস উলব্রিচকে গ্রেপ্তারের সময় বিটকয়েনগুলো জব্দ করা হয়েছিল। গ্রাহকদের গোপনীয়তা বজায় রাখার জন্য সাইটটি ক্রিপ্টো-কারেন্সি পদ্ধতিতে লেনদেন করত।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের মার্শাল সার্ভিস জানিয়েছে, সিল্ক রোডের সার্ভারে থাকা বিটকয়েনগুলো নিলামে উঠানো হবে। তবে উলব্রিচের ব্যক্তিগত কম্পিউটারগুলোর বিটকয়েন নিলামে উঠানোর ব্যাপারে বিবৃতিতে কিছু জানানো হয়নি বলেই জানিয়েছে বিবিসি।
বিবিসির তথ্য অনুসারে, উলব্রিচের বিটকয়েন ওয়ালেটে আট কোটি ৫০ লাখ ডলারেরও বেশি মূল্যমানের বিটকয়েন রয়েছে। উলব্রিচের দাবি, ওই বিটকয়েনগুলো বৈধ পথেই উপার্জন করেছেন তিনি।
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, উলব্রিচ অথবা তার প্রতিনিধিত্বকারী বা সিল্ক রোডের সঙ্গে জড়িত ছিল এমন কোনো ব্যক্তি এই নিলামে অংশ নিতে পারবেন না এবং নিলামে অংশগ্রহণকারীদের অবশ্যই এই বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়াও অংশগ্রহণে ইচ্ছুক ক্রেতাদের নিলামের আগেই নগদ ২০ হাজার ডলার অর্থ জমা দিতে হবে।
নিলাম প্রক্রিয়া জুনের ২৭ তারিখ থেকে শুরু হবে বলে জানিয়েছে বিবিসি।
