২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে হেলথকিটের প্রতিদ্বন্দ্বী ‘গুগল ফিট’

টেক জায়ান্ট অ্যাপলের পর এবার ওয়েব জায়ান্ট গুগল স্বাস্থ্যবিষয়ক অ্যাপ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। গুগলের নতুন এই অ্যাপটির নাম দেওয়া হবে ‘গুগল ফিট’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 02:51 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল মার্কিন সাময়িকী ফোর্বসের বরাত দিয়ে জানিয়েছে, এই মাসের শেষে গুগলের ডেভলপারদের জন্য অনুষ্ঠিতব্য আই/ও (I/O) সম্মেলনে প্রতিষ্ঠানটি এই হেলথ প্ল্যাটফর্মটি দেখাবে।

গুজব ছড়িয়েছে, গুগল ফিট অ্যাপটি বিভিন্ন ফিটনেস ট্র্যাকার এবং স্বাস্থ্যবিষয়ক অ্যাপ থেকে ডেটা সংগ্রহ করবে। গুগলের নতুন এই অ্যাপটি অ্যাপলের স্বাস্থ্যবিষয়ক অ্যাপ হেলথকিটের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে বলে জানিয়েছে ম্যাশএবল।

ম্যাশএবলের তথ্য অনুসারে, গুগলের নতুন এই অ্যাপটির সঙ্গে অ্যাপলের ‘পাসবুক’ অ্যাপের মিল থাকবে এবং অ্যাপটি অন্যান্য থার্ড-পার্টি অ্যাপ থেকে স্বাস্থ্যসংক্রান্ত তথ্য দ্রুত সংগ্রহ করে একটি স্থানে সেগুলো নিয়ে আসবে।

ফোর্বসের তথ্য অনুসারে, গুগল ফিট অ্যাপটি স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ হবে নাকি পরবর্তী অ্যান্ড্রয়েড প্রজন্মের বিল্ট ইন অ্যাপ হবে সে বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি।

তবে এটিই গুগলের প্রথম স্বাস্থ্যবিষয়ক সেবা নয়। এর আগেও প্রতিষ্ঠানটির ‘গুগল হেলথ’ নামে একটি স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংগ্রহের প্রোগ্রাম ছিল যেটি ২০১২ সালে বন্ধ করে দেয়া হয়েছিল।