২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ ডলারের স্মার্টফোন আসছে!

২৫ ডলার দামে ফায়ারফক্স অপারেটিং সিস্টেমের স্মার্টফোন বিক্রি করবে বহুল ব্যবহৃত ফায়ারফক্স ওয়েবব্রাউজার নির্মাতা মোজিলা। কয়েক মাসের মধ্যেই ২৫ ডলার দামের এই স্মার্টফোনগুলো ভারতের বাজারে বিক্রি শুরু হবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 12:47 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

স্বল্প দামের ওই স্মার্টফোনগুলো ভারতের দুটি প্রতিষ্ঠান নির্মাণ করবে বলে ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন মোজিলার চিফ অপারেটিং অফিসার। মোজিলার তৈরি এইচিএমএলভিত্তিক ফায়ারফক্স ওএসে চলবে স্মার্টফোনগুলো।

মোজিলার তৈরি ফায়ারফক্স ওএস স্মার্টফোনের আগের মডেলগুলো এতোদিন কেবল ইবের মাধ্যমে ইউরোপ আর লাতিন আমেরিকার বাজারেই বিক্রি হয়েছে ৭০ ডলারে।

বেশি দামের স্মার্টফোনগুলো সাড়া পাচ্ছে না, ক্রেতারা কম দামে ব্যবহার উপযোগী মোবাইল ফোনকেই প্রাধান্য দিচ্ছেন; সাম্প্রতিক সময়ে এমন বাজারগুলোর দিকেই ঝুঁকেছে বেশিরভাগ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। একের পর এক সস্তা স্মার্টফোন বাজারজাত করে স্মার্টফোনের নতুন বাজার সৃষ্টি করতে চাইছে প্রতিষ্ঠানগুলো। এর মধ্যেই প্রচলিত যে কোনো ব্র্যান্ডের তুলনায় সস্তা স্মার্টফোনটির ঘোষণা দিল মোজিলা।

বিবিসি জানিয়েছে, জেডটিই এবং অ্যালকাটেলের মতো বিভিন্ন নির্মাতার সঙ্গে চুক্তিতে থাকলেও ২৫ ডলারের স্মার্টফোনটির জন্য ভারতের দুই মোবাইল ফোন নির্মাতা ইনটেক্স এবং স্পাইসের সঙ্গে জোট বেঁধেছে মোজিলা।

স্মার্টফোনগুলোতে চীনা প্রতিষ্ঠান স্পিডট্রামের তৈরি চিপ ব্যবহার করা হবে বলে জানিয়েছে বিবিসি।