২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার আক্রমণের কবলে ‘এভারনোট’

মঙ্গলবার সাইবার আক্রমণের শিকার হয়েছে অনলাইন নোটস এবং ওয়েব ক্লিপিং সেভিং সেবাদাতা এভারনোট। প্রতিষ্ঠানটি এই সাইবার আক্রমণের বিষয় নিশ্চিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 05:48 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মে মাসে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক এই প্রতিষ্ঠানটি ঘোষণা করেছিল, তাদের ১০ কোটিরও বেশি গ্রাহক রয়েছেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সাইবার আক্রমণের কারণে তাদের সেবা প্রদান বিঘ্নিত হয়েছে। কিছু সংখ্যক গ্রাহক আক্রমণের সময়ে স্বল্পসময়ের জন্য এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে নিজেদের ফাইলিং বিন্যাস করতে পারেননি।

হাজারো কম্পিউটার থেকে প্রতিষ্ঠানটির সার্ভারে ক্রমাগত ডেটা পাঠানোর কারণে এই সমস্যাটি সৃষ্টি হয়েছে বলেই জানিয়েছে বিবিসি। অনেকসময় এই কাজে হাইজ্যাক পিসি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ, যার কম্পিউটার থেকে ডেটা পাঠানো হচ্ছে তিনি বিষয়টি সম্পর্কে কিছুই জানতে পারেন না। হাইজ্যাক পিসির এ ব্যবহারটি ‘বটনেট’ নামে পরিচিত।

তবে এবারই প্রথম নয়, এর আগে ২০১৩ সালেও এভারনোট সাইবার আক্রমণের শিকার হয়েছিল। সে সময় হ্যাকাররা গ্রাহকদের নাম, ইমেইল অ্যাড্রেস এবং এনক্রিপ্টেড পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছিল।

সাম্প্রতিক সাইবার আক্রমণ সম্পর্কে এভারনোটের মুখপাত্র রোন্ডা স্কট বিবিসিকে জানিয়েছেন, মঙ্গলবার মার্কিন স্থানীয় সময় ২টা ২৫ মিনিটে এ আক্রমণ শুরু হয় এবং মুখপাত্রের তথ্য অনুযায়ী এভারনোটের প্রতিবেদনটি লেখা পর‌্যন্ত সাইবার আক্রমণ চলছিল বলেই জানিয়েছে বিবিসি।

তবে স্কট জানিয়েছেন, তারা আক্রমণের তীব্রতা কমাতে পেরেছেন এবং সফলভাবে আবারও সেবা চালু করতে সক্ষম হয়েছেন। এই ধরনের আক্রমণে কোনো ডেটা বা অ্যাকাউন্ট হ্যাকার হাতিয়ে নিতে পারেন না। আর তাই এভারনোটে সাইবার আক্রমণ হলেও কোনো ডেটা বা অ্যাকাউন্ট হ্যাকারের হাতিয়ে নিতে পারেনি বলেই জানিয়েছে বিবিসি।