২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃত্রিম উপগ্রহ স্টার্ট-আপ কিনেছে গুগল

সম্প্রতি গুগল ম্যাপের জন্য কৃত্রিম উপগ্রহ স্টার্ট-আপ প্রতিষ্ঠান কিনেছে ওয়েব জায়ান্ট গুগল। মঙ্গলবার স্টার্ট-আপ প্রতিষ্ঠান স্কাইবক্স ইমেজিং কেনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে গুগল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

আজরাফ আল মূতী, বিডিনিউজ টোয়েন্টিফর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 05:43 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গুগল ৫০ কোটি ডলারের বিনিময়ে এই স্টার্ট-আপ প্রতিষ্ঠানটি কিনেছে।

গুগল এক ব্লগ পোস্টে বলেছে, “গুগল ম্যাপকে নিখুঁত এবং যে সময় ম্যাপটি দেখা হচ্ছে সে সময়ের দৃশ্য দেখানোর জন্য স্কাইবক্স কৃত্রিম উপগ্রহের সাহায্য নেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।”

স্কাইবক্স ইমেজিংয়ের উপকারিতা প্রসঙ্গে গুগল ব্লগ পোস্টে বলেছে, “স্কাইবক্সের সাহায্যে দূরবর্তী অঞ্চলগুলোতে ইন্টারনেট পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং এটি প্রাকৃতিক দুর্যোগেও সহায়তা করতে পারবে।”

২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে স্টার্ট-আপ প্রতিষ্ঠান স্কাইবক্স ইমেজিং। মালিকানা পরিবর্তন বিষয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, গুগল তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। এছাড়াও এক ব্লগ পোস্টে স্কাইবক্স ইমেজিং বলেছে, “আমরা দুদলই তথ্যকে সহজলভ্য এবং ব্যবহারযোগ্য করে তোলায় বিশ্বাসী, বিশেষত ভৌগলিক অবস্থানবিষয়ক তথ্য।”   

সিএনএনের তথ্য অনুসারে, গুগল অনেকদিন ধরেই বেলুন এবং ড্রোনের সাহায্যে ইন্টারনেট তরঙ্গ সরবরাহের বিষয়টি পরীক্ষা করছে। এই বছরের এপ্রিল মাসে প্রতিষ্ঠানটি সৌরশক্তি চালিত ড্রোন নির্মাতা অ্যারোস্পেস কিনেছে বলেও জানিয়েছে সিএনএন।