২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সফটওয়্যার তৈরিতে লাগল ৫৪ বছর!

দীর্ঘ ৫৪ বছর নির্মাণাধীন থাকার পর প্রকাশিত হল সফটওয়্যার ‘জানাডু’। আর এ কারণেই ইতিহাসের সবচেয়ে বিলম্বিত সফটওয়্যার হিসেবে ধরা হচ্ছে একে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 05:38 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ১৯৬০ সালে জানাডু প্রকল্পের কাজ শুরু হয়।

জাঁকজমক কোনো আনুষ্ঠানকিতা ছাড়াই এপ্রিলের শেষের দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার চাপম্যান ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে সফটওয়্যারটি উন্মোচন করা হয়।

সহজ ভাষায় জানাডুর কাজ হল, বিভিন্ন সূত্রের সাহায্যে ব্যবহারকারীকে ডকুমেন্ট তৈরিতে সাহায্য করা এবং ডকুমেন্ট তৈরিতে জড়িত সূত্রগুলোতে ব্যবহারকারীকে ফিরে আসার সুযোগ করে দেওয়া। এই প্রকল্পের কাজের জন্যই জানাডুর নির্মাতা টেড নেলসন ‘হাইপারটেক্সট’ উদ্ভাবন করেছিলেন যা বর্তমানে ইন্টারনেটে অবাধে ব্যবহৃত হচ্ছে।

নেলসনের ভাষ্য অনুযায়ী, জানাডু এমন একটি সফটওয়্যার যেখানে সংস্করণ বদলে গেলেও লিংক ভাঙবে না; ডকুমেন্টগুলোকে হয়ত পাশাপাশিভাবে সূত্রের সঙ্গে তুলনা করা সম্ভব হবে; প্রতিটি উক্তি কোথা থেকে নেওয়া হয়েছে তা দেখা যাবে এবং এটি কপিরাইট প্রক্রিয়ায় কাজ করবে।

ওপেনজানাডু নামে একটি সংস্করণও ইন্টারনেটে ছাড়া হয়েছে। সংস্করণটিতে ব্যবহারকারীদের মাউস ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। ব্যবহারকারীরা অ্যারো কি ও স্পেসবারের সাহায্যে সফটওয়্যারটির অনলাইন সংস্করণটি চালাতে পারবেন।

আশ্চর্যজনকভাবে, জানাডুর সঙ্গে ওয়েবের অনেকটাই মিল পাওয়া যায়। জানাডুর কাজ পিছিয়ে যাওয়াতে টিম বার্নার্স লি’র আবিষ্কার ওয়েব মানুষের কাছে প্রথমে পৌঁছায় এবং জনপ্রিয় হয়ে উঠে বলেই জানিয়েছে গার্ডিয়ান।

“৮০ দশকে আমারা ভজঘট পাকিয়ে ফেলি, ফলে ‘ওয়ার্ল্ড ওয়াইড হাইপারটেক্সট’ তৈরির সম্ভাবনা নষ্ট হয়ে যায়।”

নেলসন জানিয়েছেন তাদের এখনও পিডিএফ (PDF)এর সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ রয়েছে।