পাঁচগুণ দ্রুতগতির হবে আইফোন স্কাইপ ৫.০
সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট মালিকানাধীন স্কাইপের নতুন আইফোন অ্যাপ বর্তমানের তুলনায় পাঁচগুণ দ্রুতগতিতে কাজ করবে। সোমবার মাইক্রোসফট এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, স্কাইপ ৫.০ অ্যাপটিতে বেশকিছু নতুন ফিচারও যোগ করা হচ্ছে।
স্কাইপ ৫.০-তে উন্নত গ্রুপ চ্যাটিং, আরও ভালো পরিচালনা প্রক্রিয়া এবং ডিভাইসে নোটিফিকেশন বিন্যাস থাকবে বলে জানা গেছে। স্কাইপের এই সংস্করণটিতে স্ক্রলিং এবং সহজ পরিচালনায় সহজেই আইফোন ব্যবহারকারীরা সোয়াইপের মাধ্যমে কথাবার্তা, কনটাক্ট লিস্ট এবং ফেভারিটস নিয়ন্ত্রণ করতে পারবেন। আপডেটটিতে অ্যাপ ও ডিভাইসের নোটিফিকেশন সিস্টেমও উন্নত করা হয়েছে। স্কাইপের পিসি, এক্সবক্স বা ট্যাবলেট অ্যাপে কোনো নতুন মেসেজ পড়া হয়ে গেলে আইফোনেও তা স্বয়ংক্রিয়ভাবে ‘রিড’ চিহ্নিত হয়ে যাবে।
এছাড়াও অ্যাপটির গ্রুপ চ্যাটিংকে আরও উন্নত করা হয়েছে এবং কোনো ব্যবহারকারী অফলাইনে থাকলেও তাকে ছবি পাঠানো যাবে। যাকে পাঠানো হয়েছে তিনি অনলাইনে না আসা পর্যন্ত অ্যাপ ছবিটি সেইভ করে রাখবে।
মাইক্রোসফট এক ব্লগ পোস্টে লিখেছে, “আইফোনের জন্য পুনরায় ডিজাইন করা নতুন এই স্কাইপ আপনার যোগযোগকে দ্রুতগতির কেন্দ্রে নিয়ে আসবে, স্বাচ্ছন্দ্য এবং সামগ্রিক অভিজ্ঞতার অনুভূতি দেবে।”
আগামী সপ্তাহেই অ্যাপটি আইফোন ব্যবহারকারীদের জন্য লঞ্চ করা হবে। মাইক্রোসফট জানিয়েছে, তারা আইপ্যাডের জন্যও এ ধরনের একটি অ্যাপ তৈরির কাজ করছেন।
