২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে গেলেন পেপাল প্রধান

নিজেদের মোবাইল মেসেজিং সেবাকে আরও উন্নত করতে অনলাইন আর্থিক লেনদেন সেবাদাতা সাইট পেপালের প্রধান ডেভিড মার্কাসকে নিয়োগ দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 05:30 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

এক প্রতিবেদনে মার্কিন টিভি চ্যানেল সিএনএন জানিয়েছে, সোমবার এ বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছে পেপাল স্বত্বাধিকারী অনলাইন নিলাম প্রতিষ্ঠান ইবে।

ফেইসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কোস তাদের মোবাইল মেসেজিং প্রকল্পে নেতৃত্ব দেবেন। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটি বলেছে, “মেসেজিং ফেইসবুক সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বিশ্বকে আরও উন্মুক্ত ও সংযুক্ত করার আমাদের যে মিশন রয়েছে মেসেজিং সেটি অর্জনের চাবিকাঠি। নতুন ধারার মেসেজিং ধারাবাহিকতার সম্ভাবনায় আমরা আনন্দিত।”

অন্যদিকে সোমবার মার্কোসের ফেইসবুকে যোগ দেওয়ার খবর ছড়িয়ে পড়ার ঘণ্টাখানেকের মধ্যেই ইবের শেয়ার ২.৬ শতাংশ কমে এসেছে। আর ফেইসবুকের শেয়ার ০.৫ শতাংশ বেড়েছে।

সিএনএনের তথ্য অনুসারে, অনেক বিশ্লেষকের ধারণা ফেইসবুক মোবাইল পেমেন্ট ব্যবসার কথা ভাবছে। এপ্রিলে ফিনানশিয়াল টাইমসও এক প্রতিবেদনে জানিয়েছিল, ফেইসবুক যুক্তরাজ্যে মোবাইলভিত্তিক পেমেন্ট প্রক্রিয়ার অনুমোদন পাওয়ার আশা করছে।

এছাড়াও ফেব্রুয়ারি মাসে ফেইসবুক এক হাজার নয়শ’ কোটি ডলারে মোবাইল মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছিল এবং এপ্রিল মাসে নিজেদের মেসেজিং সেবাকে স্ট্যান্ডঅ্যালোন অ্যাপে পরিণত করেছিল।