ভুলে নতুন অ্যাপ দেখাল ফেইসবুক
সোমবার ভুল করে নিজেদের আসন্ন অ্যাপ ‘স্লিংশট’ অ্যাপ স্টোরে আপলোড করে ফেলেছিল সামাজিক মাধ্যম ফেইসবুক। পরবর্তীতে অ্যাপটি আবার নামিয়েও নামিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, বর্তমানে ওই অ্যাপটি উন্নয়নের কাজ করছে ফেইসবুক।
এ প্রসঙ্গে ফেইসবুকের একজন মুখপাত্র বলেছেন, “দুর্ঘটনাক্রমে আজকে আমরা স্লিংশটের একটি সংস্করণ ছেড়েছিলাম, নতুন এই অ্যাপটি নিয়ে এখনও আমরা কাজ করছি। স্লিংশটের সাহায্যে আপনি প্রতিদিনের মূহূর্তগুলো অনেক মানুষের সঙ্গে শেয়ার করতে পারবেন। অ্যাপটির কাজ খুব দ্রূত শেষ হয়ে যাবে এবং আমরা খুবই আনন্দিত হব যদি আপনারা এটি ব্যবহার করে দেখেন।”
তবে অ্যাপটি কীভাবে অ্যাপ স্টোরে আপলোড হয়েছিল সে বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি। অ্যাপটিতে দেখা গিয়েছিল, এটি শুধু নির্ধারিত কয়েকটি দেশে পাওয়া যাচ্ছে। ওই দেশগুলোর তালিকায় রাশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ভারত ছিল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।
ফেইসবুকের নতুন এই আইওএস অ্যাপটি অনেকটাই স্ন্যাপচ্যাটের মতো হবে। স্লিংশটের মাধ্যমে ব্যবহারকারীরা অদৃশ্য ছবি এবং ভিডিও মেসেজ পাঠাতে পারবেন। ছবির মধ্যে এঁকে বা লিখে বিশেষ মেসেজও পাঠানো যাবে কিন্তু যাকে মেসেজটি পাঠানো হবে তার সেটি পড়ার জন্য পাল্টা একটি মেসেজ পাঠাতে হবে। মেসেজ দেখার পর প্রাপক তার অনুভূতি জানাতে পারবেন এবং সোয়াইপ করলে মেসেজটি অদৃশ্য হয়ে যাবে। তবে এক্ষেত্রে অদৃশ্য হবার আগে কতক্ষণ মেসেজটি থাকবে সে বিষয়ে কিছু জানা যায়নি বলেই জানিয়েছে ম্যাশএবল।
মে মাসে বিভিন্ন সংবাদমাধ্যম প্রতিবেদনে জানিয়েছিল, ফেইসবুক নিজেদের নতুন ‘স্ট্যান্ডঅ্যালোন’ অ্যাপ নিয়ে কাজ করছে। তবে অ্যাপটির নাম যে স্লিংশট হবে সে বিষয়টি সবার আগে প্রতিবেদনে জানিয়েছিল ফিনানশিয়াল টাইমস।
তবে স্লিংশট কবে নাগাদ অফিশিয়ালি উন্মোচিত হবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি-- বলেছে ম্যাশএবল।
