২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যেসব নাম জটিলতায় পড়েছিল অ্যাপল

সম্প্রতি হেলথকিট নাম নিয়ে সমস্যায় পড়েছে টেক জায়ান্ট অ্যাপল। তবে নাম নিয়ে জটিলতায় পড়া অ্যাপলের জন্য নতুন কিছু নয়। এই নিয়ে মোট পাঁচটি প্রযুক্তিবিষয়ক নামের বৈধতা নিয়ে ঝামেলায় পড়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 04:42 PM

Updated : 13 Oct 2022, 12:12 PM

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের এক প্রতিবেদনে অ্যাপলের সে বিষয়টি উঠে এসেছে। চলুন আমরাও জেনে নেই কী কী পণ্যের নাম নিয়ে ঝামেলায় পড়েছিল অ্যাপল আর কী-ই বা হয়েছে ফলাফল।

 

১. হেলথকিট

অ্যাপল এই মাসেই তাদের আইওএস ৮-এর একটি অ্যাপ্লিকেশনের নাম ঘোষণা করেছে হেলথকিট। কিন্তু ২০১২ সাল থেকেই এই নামে কার্যক্রম চালিয়ে আসছে অস্ট্রেলিয়ান একটি স্টার্ট-আপ প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে দেশি ও বিদেশি গণমাধ্যমগুলোসহ সামাজিক যোগাযোগ মাধ্যম মাইক্রোব্লগিং সাইট টুইটারে সমালোচনার ঝড় উঠলেও অ্যাপল এখনও নিরব।

বর্তমানে এ নামটির জটিলতা এড়াতে টুইটারে চলছে ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন আইনি লড়াইয়ে গড়াবে কিনা তা সময়ই বলে দেবে। 

২. আইফোন

পড়ে অবাক হবার কিছু নেই। বিখ্যাত এই স্মার্টফোনের নাম নিয়েও সৃষ্টি হয়েছিল জটিলতা। ডেটা হার্ডওয়্যার প্রতিষ্ঠান লিংকসিস ১৯৯৬ সাল থেকে আইফোন নামের একটি পণ্য বিক্রি করত এবং পণ্যটির স্বত্ত্বাধিকারী ছিল সিসকো। আর তাই যখন অ্যাপল আইফোন আনার ঘোষণা দেয় তখন শুরু হয় সমস্যা।

নাম জটিলতা এড়াতে সিসকো-কে নিজস্ব যুক্তি জানায় অ্যাপল। অ্যাপলের যুক্তির পরে সিসকোও বিষয়টি অনেকটা নিরবেই মেনে নেয়। আর অ্যাপল এর মধ্যেই অন্যান্য দেশ এবং মহাদেশে ‘আইফোন’ নামটির স্বত্ত্বের জন্য আবেদন করতে থাকে।

কিন্তু ঝামেলা তখনও শেষ হয়নি। ওশন টেলিকম সার্ভিস নামে একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে ‘আইফোন’ নামটির স্বত্ত্বের জন্য আবেদন করে। কাকতালীয়ভাবে প্রতিষ্ঠানটির স্বত্ত্ব আবেদনপত্রের গঠনও অ্যাপলের মতোই ছিল।

ফলস্বরূপ মামলা করে বসে সিসকো। সিসকো দাবি করে, অ্যাপল এই প্রতিষ্ঠানটির ছদ্মবেশে তাদের স্বত্ত্ব নিতে চাইছে। পরবর্তীতে অ্যাপল এবং সিসকো সমঝোতার মাধ্যমে সমস্যাটির ইতি টানে। আর আইফোন নামটি চলে আসে অ্যাপলের আওতায়।

৩. আইপ্যাড

আইপ্যাড নামটি নিয়েও জটিল পরিস্থিতির সম্মুখীন হয়েছিল অ্যাপল। ২০১০ সালে অ্যাপল বিশ্ববাসীকে পরিচয় করিয়ে দেয় আইপ্যাডের সঙ্গে। কিন্তু পরিচয়পর্ব শেষে এশিয়ান প্রতিষ্ঠান প্রোভিউ বেশ কয়েকটি মামলা ঠুকে দেয় অ্যাপলের বিরুদ্ধে।

অথচ ২০০৯ সালেই প্রোভিউয়ের কাছ থেকে আইপ্যাড নামটির স্বত্ত্ব কিনে নিয়েছিল অ্যাপল। প্রোভিউ দাবি করে বসে, অ্যাপল আইপ্যাড যেখানেই বিক্রি করুক চীনে বিক্রি করতে পারবে না। এখানে উল্লেখ্য, চীনকে অ্যাপলের দ্বিতীয় বৃহত্তম বাজার হিসেবে ধরা হয়। পরে প্রোভিউ-কে ছয় কোটি ডলার দিয়ে সমঝোতায় আসে অ্যাপল।

৪.আইক্লাউড

২০১১ সালে স্টোরেজ সেবা আইক্লাউড বিষয়ে ঘোষণা দেয় অ্যাপল। কিন্তু ফিনিক্সভিত্তিক ক্লাউড কম্পিউটিং সেবাদাতা একটি প্রতিষ্ঠান আইক্লাউড কমিউনিকেশনস ২০০৫ সাল থেকেই নামটি ব্যবহার করছে। ফলাফল, আবারও মামলা!

মামলায় প্রতিষ্ঠানটি অ্যাপল এবং সিসকোর পুরোনো প্রসঙ্গটি তুলে অ্যাপলের নাম জালিয়াতি প্রমাণের চেষ্টা চালায়। কিন্তু অবশেষে মামলার রায় হয় অ্যাপলের পক্ষে। প্রতিষ্ঠানটি পরবর্তীতে নিজেদের নামই পাল্টিয়ে ফেলে। প্রতিষ্ঠানটির নতুন নাম হয় ক্লিয়ার ডিজিটাল কমিউনিকেশনস, আর অ্যাপল নিয়ে নেয় ‘আইক্লাউড’ নামটির স্বত্ত্ব। 

৫. স্নো লেপার্ড

লায়ন এবং মাউন্টেন লায়ন নামে অপারেটিং সিস্টেমের পর অ্যাপল ২০০৯ সালে ঘোষণা করে তাদের ওএসের নতুন সংস্করণের নাম হবে স্নো লেপার্ড। বছর কয়েক ঝামেলা না হলেও, ২০১২ সালে চীনা প্রতিষ্ঠান স্নো লেপার্ড হাউসহোল্ড কেমিক্যাল কোম্পানি মামলা করে অ্যাপলের বিরুদ্ধে।

প্রতিষ্ঠানটি দাবি করে অ্যাপল ‘স্নো লেপার্ড’ নামটির ট্রেডমার্ক লংঘন করেছে। কারণ প্রতিষ্ঠানটি ২০০০ সালেই এই নামের চীনা শব্দ ‘জুয়েবাও’-এর স্বত্ত্ব নিয়েছে। পিসি ম্যাগের তথ্য অনুসারে, শুভ সমাপ্তি হয়েছিল মামলাটির। প্রতিষ্ঠানটির কাছে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চায় অ্যাপল এবং ৮০ হাজার ডলার ক্ষতিপূরণ দেয়।