২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ প্রচারণায় এগিয়ে সামাজিক মাধ্যম

বিশ্বকাপ ২০১৪-এর বিজ্ঞাপন প্রচারে টিভি বা রেডিওর চেয়েও এগিয়ে আছে সামাজিক মাধ্যমগুলো। বলা চলে, এবারই প্রথম বিশ্বকাপের বিজ্ঞাপনের জন্য টিভি বা রেডিওর পাশাপাশি সচেতনভাবে ব্যবহার করা হচ্ছে মাইক্রোব্লগিং সাইট টুইটার, ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব এবং সোশাল জায়ান্ট ফেইসবুকের মতো সামাজিক মাধ্যমকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 04:33 PM

Updated : 25 Apr 2022, 04:17 PM

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, ২০১০ সালের বিশ্বকাপে ডিজিটাল প্রচারণার জন্য ফিফা বিশ্বকাপের অন্যতম স্পন্সর অ্যাডিডাস মোট প্রচারণা খরচের মাত্র ২০ শতাংশ ব্যয় করেছিল।

কিন্তু এবার ব্যাপারটি অনেকটাই উল্টে গেছে। অ্যাডিডাস বিশ্বকাপ স্পন্সরিং সাপোর্টোর জন্য ক্যাম্পেইন শুরু করা হচ্ছে। গার্ডিয়ানের তথ্য অনুসারে, অ্যাডিডাসের ইতিহাসে এটিই প্রতিষ্ঠানটির আয়োজিত সবচেয়ে বড় ক্যাম্পেইন।

এ প্রসঙ্গে অ্যাডিডাস ফুটবলের বৈশ্বিক ব্র্যান্ড মার্কেটিং পরিচালক টম রামসডেন বলেছেন, “ব্যাপারটি এমন নয় যে, এর জন্য আমাদের বড় একটি টিভি বিজ্ঞাপনের প্রয়োজন। সোশাল মিডিয়া আমাদের ৩০ বা ৬০ সেকেন্ডের টিভি বিজ্ঞাপনের চেয়ে আরও বেশি বিষয় জানানোর সুযোগ করে দেয়। নিঃসন্দেহে এবারের বিশ্বকাপই হবে সবচেয়ে সামাজিক এবং হয়তোবা ইতিহাসেও সবচেয়ে সামাজিক ইভেন্ট হিসেবে জায়গা করে নেবে এবারের বিশ্বকাপ।”

অন্যদিকে মাইক্রোব্লগিং সাইট টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বিশ্বকাপের ফুটবলে কিক পড়ার আগেই সাইটটিতে টুইটের জোয়ার বয়ে গেছে। ২০১০ সালের তুলনায় এবারে বিশ্বকাপ নিয়ে টুইটারে সক্রিয়তা বেশি বলেই জানিয়েছেন টুইটারের বিশ্বকাপবিষয়ক বৈশ্বিক প্রচেষ্টার প্রধান লুইস উইল্টশায়ার।

উইল্টশায়ার বলেছেন, “মার্চের শুরুর দিকেই আমরা টুর্নামেন্টকেন্দ্রিক যে পরিমাণ টুইট পেয়েছি তা গতবারের বিশ্বকাপের টুইটকেও ছাড়িয়ে, আর তাই বলতেই হচ্ছে ব্রাজিল আসলেই বড়।” 

আর স্পন্সররাও তাদের তারকা খোলোয়ারদের টুইটার খ্যাতিকে কাজে লাগাচ্ছেন। রোনাল্ডো যখন নাইকি’র দ্বিতীয় বিশ্বকাপ বিজ্ঞাপন যা নাইকির ইউটিউব পেইজে রয়েছে সেটি টুইটারে পোস্ট করেন, তখন সেটি একদিনে সাত কোটি মানুষ দেখেছেন। নাইকি অবশ্য পরবর্তীতে টিভিতে ওই বিজ্ঞাপনটির ছোট একটি সংস্করণ প্রচার করেছে।