ফেইসবুক, টুইটারে সিআইএ
প্রথমবারের মতো মাইক্রোব্লগিং সাইট টুইটার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অ্যাকাউন্ট খুলেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সি (CIA)। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইএ অ্যাকাউন্ট খোলার বিষয়টি নিশ্চিত করেছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টুইটারে অ্যাকাউন্ট খোলার পাঁচ ঘন্টার মাথায় @CIA অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা দাঁড়ায় দুই লাখে।
গোয়েন্দা সংস্থাটির টুইটার এবং ফেইসবুক দুটি প্রোফাইলেই লেখা, ‘আমরা দেশের প্রথমসারির প্রতিরক্ষাবাহিনী। আমরা সেসব অর্জন করি যা অন্যরা পারে না এবং আমরা সেখানে যেতে পারি যেখানে অন্যরা যেতে পারে না।’
সিআইএ জানিয়েছে, তারা মানুষের সঙ্গে আরও সরাসরি সংযুক্ত হতে চায় এবং গোপনীয় নয় এজেন্সির এমন তথ্যে তাদের প্রবেশ আরও বাড়াতে চায়। এ প্রসঙ্গে সিআইএ পরিচালক জন ব্রেনান বলেছেন, এই প্ল্যাটফর্মগুলোতে প্রবেশ করার মাধ্যমে সিআইএ জনসাধারণের সঙ্গে আরও সরাসরি যুক্ত হতে পারবে এবং সিআইএ মিশন, ইতিহাস এবং অন্যান্য উন্নয়ন সম্পর্কে তাদের জানাতে পারবে।
টুইটারে অবশ্য সিআইএ-এর একটি ভুয়া একটি অ্যাকাউন্ট ছিল। শুরুতেই টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্ট সম্পর্কিত ঝামেলাটির নিষ্পত্তি করেছে গোয়েন্দা সংস্থাটি। তারপর নিজেদের প্রথম টুইটেই সিআইএ লিখেছে, “এটি আমাদের প্রথম টুইট তা আমরা নিশ্চিতও করতে পারব না অস্বীকারও করতে পারব না।”
ইউটিউব এবং ফ্লিকারেও সিআইএর অ্যাকাউন্ট রয়েছে বলেই জানিয়েছে বিবিসি।
তো, ফেইসবুকে ‘লাইক’ করবেন সিআইয়েকে, না-কি ফলো করবেন টুইটারে?
