স্বচ্ছতা প্রতিবেদন দিল ভোডাফোন
ভোডাফোন নেটওয়ার্কে সরাসরি প্রবেশাধিকার রয়েছে বেশ কয়েকটি দেশের সরকারের। সম্প্রতি ভোডাফোন বিষয়টি জানিয়েছে। এর ফলে ভোডাফোন নেটওয়ার্কে যা যোগাযোগ হচ্ছে, তার প্রায় সবই জানছে শাসকগোষ্ঠী।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মোট ২৯ দেশে প্রতিষ্ঠানটির সেবা রয়েছে।
ভোডাফোন জানিয়েছে, কোনো কোনো দেশের পুলিশ গ্রাহকের ফোন কল এবং ওয়েব যোগাযোগ মনিটর করার জন্য সরাসরি লিংক ব্যবহার করেন। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, অনেক দেশে ভোডাফোন সুষ্ঠু সেবা প্রদানের জন্য ওয়ারেন্ট ব্যবহার করে, যাতে কেউ কোনো প্রকার যোগাযোগে বাঁধা সৃষ্টি করতে না পারে।
বিবিসির তথ্য অনুসারে, প্রতিষ্ঠানটির সেবা কার্যক্রম চলছে এমন ২৯ দেশের মধ্যে ছয়টি দেশের সরকার ভোডাফোন নেটওয়ার্কে নজরদারি কার্যক্রম চালাচ্ছে। কিন্তু সে দেশগুলোতে নজরদারি প্রক্রিয়া ফাঁসসংক্রান্ত আইন থাকায় প্রতিষ্ঠানটি নামগুলো প্রকাশ করতে পারেনি।
ভোডাফোন জানিয়েছে, তারা গ্রাহক প্রাইভেসির মূল্য বোঝে, কিন্তু জাতীয় এবং জনগণের নিরাপত্তার প্রয়োজনে আইনের সঙ্গে একমত হতে হয় তাদের। মানবাধিকারবিষয়ক সংগঠন লিবার্টি এই প্রসঙ্গে সরকারি শক্তিকে ‘আতঙ্কজনক’ বলে অভিহিত করেছেন।
এই বিষয়ে লিবার্টির পরিচালক শামি চক্রবর্তী বলেছেন, “শুধু সুইচ চাপার মাধ্যমে ফোন কলে সরকারগোষ্ঠীর অনধিকার প্রবেশ নজিরবিহীন এবং আতঙ্কজনক।”
