১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পডকাস্ট প্রচারে নতুন ফিচার আনছে থ্রেডস

প্ল্যাটফর্মটি এমন কিছু ফিচার চালু করবে যার মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজে পডকাস্ট ও পর্ব শেয়ার করতে পারবেন।

পডকাস্ট প্রচারে নতুন ফিচার আনছে থ্রেডস
ফিচারটি কয়েক সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে। ছবি: মেটা

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 04:50 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

টেক্সটভিত্তিক সামাজিক মাধ্যম ‘থ্রেডস’ এখন ক্রিয়েটরদের জন্য পডকাস্ট প্রচারের নতুন সুযোগ আনছে। 

বুধবার থেকে প্ল্যাটফর্মটি এমন কিছু ফিচার চালু করবে যার মাধ্যমে ব্যবহারকারীরা আরও সহজে পডকাস্ট ও পর্ব শেয়ার করতে পারবেন।

এই ফিচারের আওতায় ক্রিয়েটররা এখন তাদের বায়ো পেইজে পডকাস্ট শো এর লিংক যোগ করতে পারবেন। একবার লিংক যুক্ত হলে তাদের পোস্টে দেওয়া শো বা এপিসোড লিংকগুলো স্বয়ংক্রিয়ভাবে অডিও প্রিভিউসহ চলে আসবে।

শুধু হোস্টরাই নয়, সাধারণ ব্যবহারকারীরাও যখন তাদের প্রিয় পডকাস্ট শেয়ার করবেন তারাও এই অডিও প্রিভিউ দেখতে পাবেন।

প্রথম ধাপে থ্রেডস শুধু স্পটিফাই পডকাস্টকে সাপোর্ট দিচ্ছে। থ্রেডসের প্রধান কনার হেইস এক ব্যবহারকারীর প্রশ্নের জবাবে বলেছেন, ভবিষ্যতে অ্যাপল পডকাস্ট প্ল্যাটফর্মেও এই ফিচার যুক্ত করা হবে। আজ থেকেই প্রিভিউ ফিচার চালু হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে।

প্রযুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, এই ফিচার ক্রিয়েটরদের জন্য নতুন শ্রোতা আকর্ষণের সুযোগ তৈরি করবে। তবে থ্রেডস ব্যবহারকারীদের লিংকে ক্লিক করার হার এখনো খুব বেশি নয়, তাই নতুন অডিও ভিজুয়াল সংযোজন আসলেই ব্যবহারকারীদের পডকাস্টে টানতে পারে কি না সেটি সময়ই বলে দেবে।