১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গুগল টিভিতে আসছে এআই অ্যাসিস্ট্যান্ট ‘জেমিনাই’

এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা আরও বাস্তবিকভাবে ভয়েস কমান্ড ব্যবহার করে কনটেন্ট খুঁজে বের করতে পারবেন।

গুগল টিভিতে আসছে এআই অ্যাসিস্ট্যান্ট ‘জেমিনাই’
জেমিনাই ফর টিভি যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। ছবি: গুগল

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2025, 06:04 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

গুগল টিভি স্ট্রিমারে চালু হতে যাচ্ছে ‘জেমিনাই’। এটি ধীরে ধীরে গুগল অ্যাসিস্ট্যান্টের জায়গা নেবে।  

কোম্পানিটির মতে, এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা আরও বাস্তবিকভাবে ভয়েস কমান্ড ব্যবহার করে কনটেন্ট খুঁজে বের করতে পারবেন।

ব্যবহারকারীরা এখন চাইলেই নিজস্ব কমান্ড বলতে পারেন যেমন ‘আমি ড্রামা পছন্দ করি কিন্তু আমার স্ত্রী কমেডি ভালোবাসেন। আমরা একসাথে কোন মুভিটা দেখতে পারি?’ বা কোনো পুরনো সিরিজে ফিরে যেতে চাইলে বলতে পারেন ‘আউটল্যান্ডারের আগের সিজনের শেষে কী ঘটেছিল?’

গুগল বলছে, জেমিনাই ফর টিভি শুধু বিনোদনেই সীমাবদ্ধ নয়। এটি মোবাইলের মতোই যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে। শিশুরা টিভির মাধ্যমেও শিখতে পারবে। কেউ চাইলে বলতে পারে, ‘আমার তৃতীয় শ্রেণির বাচ্চাকে আগ্নেয়গিরি কেন উদ্গীরণ হয় তা বুঝিয়ে দাও।’

এ ছাড়া জেমিনাই ব্যবহারকারীদের ইউটিউব ভিডিওর সাহায্যে রান্না বা ডিআইওয়াই প্রজেক্ট শেখাতেও সাহায্য করবে। 

কোম্পানিটি বলছে, রিমোটের মাইক্রোফোন বোতাম চাপলেই জেমিনাইকে অ্যাক্সেস করা যাবে। আপডেটটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য চালু হবে।

টিভিতে জেমিনাই আনার বিষয়টি গুগলের আগের ঘোষণারই একটি অংশ। কোম্পানিটি সেপ্টেম্বরে বলেছিল নির্দিষ্ট কিছু টিসিএল টিভিতে প্রথমে জেমিনাই চালু হবে এবং এরপর ২০২৫ সালের হাইসেন্স ইউ৭, ইউ৮, ইউএক্স ও টিসিএল কিউএম৭কে, কিউএম৮কে এবং এক্স১১কে মডেলেও এটি যুক্ত হবে।

এ ছাড়াও জেমিনাই এখন ওয়ালমার্ট অন ৪কে প্রো স্ট্রিমিং ডিভাইসেও পাওয়া যাচ্ছে। 

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ লিখেছে, এই পরিবর্তন গুগলের বড় পরিকল্পনার একটি অংশ। পরিকল্পনাটির লক্ষ্য সব ডিভাইস ও প্ল্যাটফর্মে গুগল অ্যাসিস্ট্যান্টকে বাদ দিয়ে জেমিনাইকে মূল এআই সহকারী হিসেবে প্রতিষ্ঠা করা। 

উল্লেখ্য, গুগল জানুয়ারি মাসে অনুষ্ঠিত সিইএস ২০২৫ ইভেন্টে ঘোষণা দিয়েছিল চলতি বছরই গুগল টিভিতে জেমিনাই যুক্ত করা হবে।