২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণবাদের জবাবে ‘ইউটিউব প্রতিবাদ’

বর্ণবাদী আচরণের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তা নিয়েছেন এক ক্যাব ড্রাইভার। ওই ড্রাইভারের প্রতি করা বর্ণবাদী আচরণের এক ইউটিউব ভিডিও বুধবার প্রকাশিত হবার পর বিশ্বের নানা প্রান্তের সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে অসোন্তষ প্রকাশ করেছেন এবং তীব্র নিন্দা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 07:28 PM

Updated : 25 Apr 2022, 04:16 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ভিডিওটি প্রথমে রেডিট সাইটে পোস্ট হয়েছিল।

ভিডিওতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের চিক্টোওয়াগাতে এক কৃষ্ণাঙ্গ ড্রাইভারকে লক্ষ করে অশ্লীল এবং বর্ণবাদী কথা বলতে দেখা গেছে ওই নারীকে।

ইউটিউব ভিডিওটিতে দেখা গেছে, ওই নারী, ড্রাইভার তার বাচ্চাদের ভয় দেখিয়েছে বলে খারাপ আচরণ শুরু করেন। অভিযোগের উত্তরে ড্রাইভার ভয় দেখানোর বিষয়টি অস্বীকার করে জানান, তিনি শুধু গাড়ি স্টার্ট দিয়েছেন। তবে ঠিক কী কারণে ওই নারী ড্রাইভারের উপর বাচ্চাদের ভয় দেখানোর অভিযোগ আনেন এবং ক্ষেপে যান সে বিষয়টি ভিডিওটিতে নেই বলেই জানিয়েছে ম্যাশএবল।

এক পর্যায়ে ওই নারী ড্রাইভারকে ‘নিগার’ এবং অন্যান্য অশ্লীল শব্দ ব্যবহার করে গালিগালাজ করতে শুরু করেন। এমনকি ড্রাইভারকে শায়েস্তা করার জন্য তার স্বামীকে ডাকার হুমকিও দেন ওই নারী। তিনি আরও জানান, তার স্বামীও কৃষ্ণকায় ব্যক্তিদের পছন্দ করেন না। ড্রাইভার পুরো বিষয়টিই ভিডিওতে ধারণ করেন।

মহিলাকে উদ্দেশ্য করে ড্রাইভার বলেন, “আপনি দেখুন বিষয়টি আমি ভিডিও করে রাখছি”। মহিলা চলে যাবার পর ড্রাইভার স্বগতোক্তি করেন, “বর্ণবাদ এখনও আছে। এখনও বর্ণবাদ ভালোমতোই আছে।”