২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বক্স অফিস টপকাবে স্ট্রিমিং ও ডাউনলোড

২০১৭ সাল নাগাদ ভিডিও স্ট্রিমিং ও ডাউনলোডের আয় বক্স অফিসের আয়কেও অতিক্রম করবে। সিনেমার স্ট্রিমিং এবং ডাউনলোড বৃদ্ধিতে ডিভিডি ও ব্লু-রে ডিস্কের বিক্রিও হ্রাস পেয়েছে বলে সম্প্রতি এক গবেষণায় জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 07:25 PM

Updated : 25 Apr 2022, 04:16 PM

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, লন্ডনভিত্তিক মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউসকুপার্স (PwC) ওই গবেষণা করেছে।

গবেষণার তথ্য অনুসারে, সিনেমার স্ট্রিমিং ও ডাউনলোড ২০১৬ সালেই বর্তমান মিডিয়াকে পেছনে ফেলে এগিয়ে যাবে। আর ২০১৮ সাল নাগাদ বর্তমান মিডিয়ার বাজার ১২ হাজার ২০ কোটি থেকে আটশ’ ৭০ কোটি ডলারে নেমে আসবে। এ ছাড়াও গবেষকরা জানিয়েছেন, ২০১৭ সাল নাগাদ সিনেমা স্ট্রিমিং ও ডাউনলোডের বর্তমান আয় আটশ’ ৫০ কোটি ডলার থেকে বেড়ে ১৭ হাজার কোটি ডলারে দাঁড়াবে। ফলে যুক্তরাষ্ট্রের বক্স অফিস থেকেও বেশি আয় হবে ডাউনলোড ও স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর।

তবে মাল্টিপ্লেক্সের টিকেট বিক্রিতে এর প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন গবেষকরা। তারা জানিয়েছেন, আগামী পাঁচ বছরে মাল্টিপ্লেক্সের টিকেট বিক্রি ১৬ শতাংশ বৃদ্ধি পাবে। এ প্রসঙ্গে পিডব্লিইউসি’র এন্টারটেইনমেন্ট, মিডিয়া এবং কমিউনিকেশনস শাখার ব্যবস্থাপনা পরিচালক সিন্ডি ম্যাকেঞ্জি বলেছেন, “মানুষ এর পরেও সিনেমা দেখতে যাবে, বিশেষ করে বড় টেন্টপোল সিনেমা দেখতে।”

ম্যাকেঞ্জি ডিজিটাল মিডিয়ার স্বল্প খরচ ও সহজ পরিবেশন সম্পর্কে বলেছেন, “বর্তমানে লেনদেন প্রতি যে পরিমাণ অর্থ আয় হচ্ছে তার পরিমাণ হয়তো একই রকম থাকবে না, তবে ডিজিটাল প্রক্রিয়ায় স্বল্প খরচে পরিবেশন করা যায়।”

এ ধরনের স্ট্রিমিং সেবাদাতা প্রতিষ্ঠান নেটফ্লিক্সের আয় ২০১৪ সালের প্রথম প্রান্তিকেই ২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং সিনেমার ডাউনলোডের পরিমাণও প্রতিনিয়ত বাড়ছে বলে জানিয়েছে গার্ডিয়ান।