২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নীতিমালা বদলেছে কিকস্টার্টার

নীতিমালা বদলেছে ক্রাউডফান্ডিং সাইট কিকস্টার্টার। উদ্যোক্তারা যেন নতুন প্রকল্পের জন্য প্রয়োজনীয় তহবিল আরও সহজে সাইটটির মাধ্যমে সংগ্রহ করতে পারে সে জন্যই নীতিমালায় পরিবর্তন এনেছে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 07:40 PM

Updated : 25 Apr 2022, 04:16 PM

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, কিকস্টার্টার তাদের অনুমোদন প্রক্রিয়ায় সবচেয়ে বড় পরিবর্তনটি এনেছে।

এই পরিবর্তনের ফলে উদ্যোক্তারা কিকস্টার্টার কর্মকর্তাদের কোনো অনুমতি ছাড়াই সাইটটির মাধ্যমে তাদের প্রকল্পের জন্য তহবিল সংগ্রহের আবেদন জানাতে পারবেন। তবে উদ্যোক্তা চাইলে কিকস্টার্টার কমিউনিটি ব্যবস্থাপকের পরামর্শ নিতে পারবেন। এ ছাড়াও নিজেদের দুই-তৃতীয়াংশেরও বেশি নিয়ম বাদ দিয়ে নীতিমালা অনেকটাই সহজ করে ফেলেছে ২০০৯ সালে প্রতিষ্ঠিত এ সাইটটি।

শুধু আগের তিনটি নিয়মে কোনো পরিবর্তন আনেনি কিকস্টার্টার। নিয়ম তিনটি হচ্ছে, প্রকল্পটিকে অবশ্যই এমন কিছু তৈরি করতে হবে যার সুবিধা অন্যরা পেতে পারেন, প্রকল্পটিতে অবশ্যই সততা এবং স্বচ্ছ্বতা থাকতে হবে এবং দাতব্য কোনো প্রয়োজনে তহবিল সংগ্রহ করা যাবে না।

নিয়ম পরিবর্তন প্রসঙ্গে কিকস্টার্টারের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ইয়ান্সি স্ট্রিকলার বলেছেন, “স্বাস্থ্য এবং শুদ্ধতা আমাদের প্রক্রিয়ার সবচেয়ে বড় অগ্রগণ্য বিষয়। সবাই কিকস্টার্টারে নিয়ম মানছে তা নিশ্চিত করতে আমাদের সংযমী এবং বিশ্বাসী ও নিরাপদ দল প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমরা সবসময় উদ্যোক্তাদের, সমর্থকদের এবং সাধারণ মানুষদের আরও সুবিধা দেয়ার চেষ্টা করি। এজন্যই আমরা এ পরিবর্তনগুলো জানাতে পেরে খুব আনন্দিত।”