‘প্রাইট’ কিনছে ফেইসবুক
অনুন্নত দেশগুলোকে ইন্টারনেট সেবার আওতায় আনার প্রকল্পের জন্য ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘প্রাইট’ কিনছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। বয়সের দিক থেকে বিবেচনা করলে প্রাইটকে নতুনই বলা যায়। ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে এ প্রতিষ্ঠানটি।
এক প্রতিবেদনে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে এখনও তাদের সেবা শুরু করেনি।
অনুন্নত দেশগুলোর বিভিন্ন অংশের মোবাইল গ্রাহকদের জন্য ওয়্যারলেস ইন্টারনেট অ্যাপ ব্যবহারকে আরও সহজ করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে মোবাইল ডেটা প্ল্যান প্রতিষ্ঠান প্রাইট। প্রাইট কেনা প্রসঙ্গে ফেইসবুকের মুখপাত্র ভ্যানেসা চ্যান জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক মূলত প্রাইটের টিমের বিষয়ে আগ্রহী।
প্রাইটের মোট কর্মচারীর সংখ্যা ত্রিশ জনেরও কম হবে বলেই জানিয়েছে রয়টার্স। তবে প্রতিষ্ঠানটি কেনার পর তাদের কতজন ফেইসবুকে যোগ দেবে সে বিষয়ে পরিষ্কার কিছু জানা যায়নি। এমনকি প্রতিষ্ঠানটি কিনতে মোট কী পরিমাণ অর্থের লেনদেন হবে সে বিষয়েও কিছু জানায়নি ফেইসবুক। তবে ফেইসবুক মুখপাত্র চ্যানের তথ্য অনুসারে, এ মাসের শেষ নাগাদ প্রাইট কেনা বিষয়ক কার্যক্রম শেষ হবার কথা।
অনুন্নত দেশগুলোকে ইন্টারনেট সেবার আওতায় আনার জন্য বিভিন্ন দেশের ওয়্যারলেস প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে ফেইসবুক। এমনকি প্রকল্পটি বাস্তবায়নের জন্য ড্রোন এবং কৃত্রিম উপগ্রহ তৈরির কাজেও হাত দিয়েছে প্রতিষ্ঠানটি।
