আবারও পেছাল আর্কহাম নাইট
এ বছরের শেষের দিকেই মুক্তি পাওয়ার কথা ছিল ব্যাটম্যান সিরিজের বহুপ্রতিক্ষিত নতুন গেইম ‘আর্কহাম নাইট’।
ব্যাটম্যান ভক্তদের জন্য দুঃসংবাদ; ২০১৪ নয়, অপেক্ষা করতে হবে ২০১৫ পর্যন্ত। বাড়তি সময় নিয়ে নিখুঁত ভিজুয়াল ইফেক্ট আর সিরিজের তৃতীয় ও শেষ গেইমটির ‘কাব্যিক মহাসমাপ্তি’ নিশ্চিত করতে চাইছে ওয়ার্নার ব্রাদার্স গেইমস।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ বছরের শেষ দিকেই এক্সবক্স, প্লেস্টেশন এবং উইন্ডোজ ডেস্কটপ প্লাটফর্মের জন্য মুক্তি পাওয়ার কথা ছিল গেইমটির।
সাম্প্রতিক সময়ে ডাইয়িং লাইট, ম্যাড ম্যাক্স, কোয়ান্টাম ব্রেক এবং দ্য অর্ডার: ১৯৮৬-এর মতো হাই প্রোফাইল গেইমগুলোর মুক্তির সময়সূচি পিছিয়ে দিয়েছেন ডেভেলপাররা। এবার ওই গেইমগুলোর পথ অনুসরণ করল আর্কহাম নাইটের নির্মাতা প্রতিষ্ঠান রকস্টেডি আর ওয়ার্নার ব্রাদার্স গেইমস। আর্কহাম নাইটসের ডেভেলপিংয়ের মূল কাজটা সেরে থাকে ওয়ার্নার ব্রাদার্স গেইমসে মালিকানায় থাকা রকস্টেডি।
আর্কহাম নাইট পিছিয়ে দেওয়ার কারণ ব্যাখা করে ওয়ার্নার ব্রাদার্স মুখপাত্র মুখপাত্র মার্ক ওয়ার্ড বলেন, “নির্মাতাদের কাছে ট্রিলজিটির এক মহাকাব্যিক সমাপ্তি প্রাপ্য হয়ে আছে ব্যাটম্যান ভক্তদের। ভক্তরা যেন তাদের চাহিদা ও প্রাপ্য অনুযায়ী একটা সমাপ্তি পান সে জন্যই বাড়তি সময় নেওয়া হচ্ছে গেইম ডেভেলপমেন্টে।”
এদিকে বিবিসিকে দেওয়া এ সাক্ষাৎকারে আর্কহাম নাইটসহ বিভিন্ন হাই-প্রোফাইল গেইম মুক্তির সময় পিছিয়ে দেওয়ার সম্ভাব্য কারণ ব্যাখা করেছেন ওভাম অ্যানালিস্ট এড বার্টন। বার্টনের বক্তব্য অনুযায়ী, বাজারে প্রতিযোগিতার কারণে একেবারে নতুন গেইম নির্মাণের ঝুঁকি নিতে চাইছেন না নির্মাতারা। বরং পুরনো এবং সফল টাইটেলে সর্বাধুনিক ভিজুয়াল ইফেক্ট প্রযুক্তির গেইম নির্মাণ করে প্রতিযোগিতার বাজারে নিরাপদ অবস্থানে থাকতে চাইছেন তারা।
