২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হচ্ছে প্লেস্টেশন পোর্টেবল অধ্যায়

হ্যান্ডহেল্ড গেইমিং কনসোল প্লেস্টেশন পোর্টেবল(পিএসপি) নির্মাণ বন্ধের ঘোষণা দিয়েছে প্রযুক্তিপণ্য নির্মাতা সনি। প্রতিষ্ঠানটি প্লেস্টেশন পোর্টেবল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মঙ্গলবার। ওই ঘোষণার আগেই বিভিন্ন দেশে পিএসপির সরবরাহ বন্ধ করে দিয়েছে এই জাপানি প্রযুক্তিপণ্য নির্মাতা।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2014, 04:14 PM

Updated : 25 Apr 2022, 04:16 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, প্লেস্টেশন পোর্টেবলের বদলে হ্যান্ডহেল্ড কনসোল হিসেবে প্লেস্টেশন ভিটাতেই গুরুত্ব দিচ্ছে সনি। এর আগে জানুয়ারি মাসে উত্তর আমেরিকায় পিএসপির সরবরাহ বন্ধ করে দিয়েছে সনি। জাপানে ডিভাইসটির সরবরাহ বন্ধ হবে এই জুনে, আর ইউরোপেও সরবরাহ বন্ধ করে দেওয়া হবে কয়েক মাসের মধ্যেই।

বাজারে প্লেস্টেশন পোর্টেবলের অভিষেক হয়েছিল এক দশক আগে। বর্তমান তরুণ প্রজন্মের কিশোর-কিশোরী বা সদ্য তারুণ্যে পা দেওয়া অনেকেরই ছোটবেলার স্মৃতির এক বড় জায়গা জুড়ে আছে এই গেইমিং কনসোলটি। ১০ বছরে পিএসপির একাধিক আপডেট বাজারে আসলেও প্রযুক্তি অগ্রগতির সঙ্গে তাল মেলাতে না পেরে ক্রমশ পিছিয়ে পরেছে হ্যান্ডহেল্ড কনসোলটি।

হ্যান্ডহেল্ড গেইমিং কনসোলের বাজারে প্লেস্টেশনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল নিনটেন্ডোর ডিএস গেইমিং কনসোল। গত কয়েক বছরে প্রযুক্তি পণ্যের বাজারে স্মার্টফোন আর ট্যাবলেটের জনপ্রিয়তার উর্ধগতিতে বড় ধাক্কা খেয়েছে পুরো হ্যান্ডহেল্ড গেইমিং কনসোলের বাজার। ২০১২ সালে ৭.৬ কোটি প্লেস্টেশন পোর্টেবেল গেইমিং কনসোল বিক্রি হয়েছিল বিশ্বব্যাপী। এর পরের দুই বছরের সঠিক কোনো হিসেব পায়নি সংবাদমাধ্যমগুলো।