২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়ের প্রথম টাইজেন ফোন

অবশেষে বিশ্বের প্রথম টাইজেন স্মার্টফোন ‘স্যামসাং জেড’ দেখাতে যাচ্ছে ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাং। জুনের প্রথম সপ্তাহেই স্যান ফ্রান্সিসকোর টাইজেন ডেভেলপার কনফারেন্সে স্মার্টফোনটি দেখাবে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি। বছরের তৃতীয় প্রান্তিকে রাশিয়ার বাজার দিয়েই স্মার্টফোন জগতে যাত্রা শুরু হবে স্যামসাং জেডের।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2014, 04:49 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, স্যামসাং বছরের তৃতীয় প্রান্তিকে প্রথম টাইজেন স্মার্টফোন বিক্রি শুরু করার ঘোষণা দিয়েছে রোববার। রাশিয়া দিয়ে শুরু হলেও, ক্রমান্বয়ে সবগুলো দেশেই বিক্রি হবে স্মার্টফোনটি।

ওপেন-সোর্স সফটওয়্যার টাইজেন চালিত স্মার্টফোনটিতে থাকবে ৪.৯ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, ২.৩ গিগাহার্টজের প্রসেসর। টুডি এবং থ্রিডি গ্রাফিক্স স্মাপোর্ট থাকবে স্মার্টফোনটিতে। এ ছাড়াও থাকবে ৮ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ২.১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। গ্যালাক্সি এস৫ এর মতো জেডেও থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার সেভিং মোড।

স্যামসাংয়ের দাবি, স্টার্ট-আপ টাইম কমে আসবে টাইজেন ওএসে। মাল্টিটাস্কিং করা যাবে আরও সহজে, গতি বাড়বে ওয়েব ব্রাউজিংয়েরও। বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা হলেও অপারেটিং সিস্টেমের জন্য গুগলের অ্যান্ড্রয়েড ওএসের উপরই নির্ভর স্যামসাং। অ্যান্ড্রয়েডের বিকল্প হিসেবে নিজস্ব টাইজেন অপারেটিং সিস্টেম তৈরি করতে প্রতিষ্ঠানটি কাজ করছে অনেকটা সময় ধরেই। টাইজেন দিয়ে স্মার্টফোন বাজারে নিজেদের আলাদা অবস্থান তৈরির পাশাপাশি সম্ভবত অ্যান্ড্রয়েডের উপর নির্ভরতাও কমাতে চাইছে স্যামসাং।

ইউরোপ-আমেরিকা বা জাপানের বদলে রাশিয়ার বাজার দিয়ে স্যামসাং জেডের যাত্রা শুরু করার পেছনে যৌক্তিক কারণও আছে স্যামসাংয়ের। যুক্তরাষ্ট্র বা জাপানের মতো ক্যারিয়ার নির্ভর রাশিয়ার স্মার্টফোন বাজার। আর টাইজেন অপারেটিং সিস্টেমের স্মার্টফোন নিয়ে বিভিন্ন ক্যারিয়ার প্রতিষ্ঠান সময়ে সময়ে সমর্থন জানালেও পিছপাও হয়েছে অনেকেই। সব মিলিয়ে প্রথম টাইজেন স্মার্টফোন হিসেবে রাশিয়ার বাজারে তুলনামূলক কম প্রতিবন্ধকতার মুখে পরবে স্যামসাং জেড।