২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেটের অন্ধকার থেকে শিশুকে বাঁচাতে

বর্তমানের শিশুকিশোররা অনেকটাই প্রযুক্তিনির্ভর। আর ইন্টারনেট এখন প্রযুক্তির একটি অবিচ্ছেদ্য অংশ। অন্যান্য সবকিছুর মতো প্রযুক্তি ও ইন্টারনেটেরও রয়েছে বিভিন্ন ক্ষতিকর দিক। ইন্টারনেট ও প্রযুক্তির ক্ষতিকর দিকগুলো থেকে শিশুকিশোরকে রক্ষা করার প্রাথমিক দায়িত্ব অভিভাবকের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 08:14 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

এ প্রসঙ্গে কিশোর বয়সীদের থেরাপিস্ট এবং শিক্ষক জো ল্যাংফোর্ড বলেছেন, “কোনো দায়িত্ববান অভিভাবকই গাড়ির চাবি সন্তানের হাতে দিয়ে গাড়ি চালানো শিখতে বলবেন না। আমাদের ইন্টারনেটের ক্ষেত্রেও এটি করা উচিত নয়। গাড়ির মতো এক্ষেত্রেও আমাদের দায়িত্বশীল এবং বিচক্ষণ হতে হবে, তাদের মধ্যে একটি নির্দিষ্ট মাত্রার পরিপক্বতা, দায়িত্বশীলতা এবং ভালো বিচারক্ষমতা সৃষ্টি না হওয়া পর্য,ন্ত অভিভাবকদের তাদের সঙ্গে থাকতে হবে।”

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে শিশুকিশোরদের অনলাইন প্রযুক্তি থেকে রক্ষার জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছে। প্রতিবেদনটির আলোকে জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ সে পরামর্শগুলো–

১. কোন কোন সাইট এবং অ্যাপ আপনার সন্তান ব্যবহার করছে তা জানুন এবং তাদের এমন সামাজিক গেইম খেলতে উৎসাহিত করুন যেখানে মতবিনিময়ের এবং আলোচনার সুযোগ থাকবে।

২. সন্তানকে শক্তিশালী পাসওয়ার্ড তৈরিতে সহযোগিতা করুন এবং তাকে পাসওয়ার্ডের গুরুত্ব সম্পর্কে জানান। কীভাবে সহজেই শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা সম্ভব তাও তাকে জানান।

৩. নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলুন, নিরাপদ ব্রাউজিং করুন এবং সে সম্পর্কে আপনার সন্তানকেও জানান। পুরনো ফিচারের বদলে নিজেও নতুন ফিচার ব্যবহার করুন, আপনার সন্তানকেও নতুন ফিচারের সুবিধা ব্যাখ্যা করুন।

৪. যদি আপনি মনে করেন আপনার সন্তান এখনও অনেক ছোট বা মৌলিক ভালোমন্দ বোঝার মতো জ্ঞানবুদ্ধি এখনও তার হয়নি, তাহলে ফিল্টারিং সফটওয়্যার ব্যবহার করুন। অ্যাপের ব্যবহার সীমাবদ্ধ করে দিন।

৫. আপনার সন্তান ভুল করলে সে বিষয়টির খারাপ দিকটি সম্পর্কে তাকে বুঝিয়ে বলুন। বাসায় পাসওয়ার্ড-নিরাপদ ব্লগ ব্যবহার করুন, নিজেও সচেতন থাকুন নানা বিষয়ে, ব্যবহার করুন বিভিন্ন ইন্টারনেট টুল। এ জিনিসগুলো মেনে চললে সন্তান ভুল করলেও তার প্রভাবটি তেমন একটা বড় হবে না।

নিজের প্রযুক্তিপণ্য সচেতনভাবে ব্যবহার করুন। যেমন- স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ইত্যাদি ব্যবহারে পাসওয়ার্ড ব্যবহার করুন। শিশুকিশোররা পরিবার থেকেই অধিকাংশ বিষয় শিখে থাকে। সে জন্য ভদ্রতা, সামাজিকতা ইত্যাদি শেখানোর পাশাপাশি অনলাইন প্রযুক্তির হাতেখড়িটাও আপনিই করে দিন। অভিভাবকের উচিত অল্প বয়সেই সন্তানকে কম্পিউটারের ভালো অভ্যাসগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।