গ্রেপ্তার পাইরেট বে’র পিটার সান্ডে
দুই বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার হয়েছেন ফাইল-শেয়ারিং ওয়েবসাইট পাইরেট বে’র সহ-প্রতিষ্ঠাতা পিটার সান্ডে। শনিবার দক্ষিণ সুইডেন থেকে সান্ডেকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানিয়েছে সুইডিশ পুলিশ।
এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, কপিরাইট আইন লংঘনের অভিযোগে ২০১২ সাল থেকে ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ছিলেন সান্ডে।
বর্তমানে সুইডেনের কারাগারে রয়েছেন সান্ডে। তাকে আট মাস কারদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুইডিশ ন্যাশনাল পুলিশ বোর্ডের মুখপাত্র ক্যারোলিনা ইকিয়াস। সান্ডে প্রসঙ্গে ইকিয়াস বলেন, “২০১২ সাল থেকে তাকে আমরা খুঁজছি।”
পাইরেট বে ২০০৩ সালে লঞ্চ করা হয়েছিল। সাইটটিতে বিভিন্ন গান ও সিনেমা ডাউনলোডের লিংক দেওয়া হত। পরবর্তীতে সুইডিশ মিউজিক এবং ফিল্ম প্রতিষ্ঠানগুলো পাইরেট বে’র বিরুদ্ধে আদালতে পাইরেসির অভিযোগ এনে ক্ষতিপূরণ দাবি করে।
ওই মামলায় পাইরেট বে’র সঙ্গে যুক্ত চার ব্যক্তিকে আদালত এক বছরের কারদণ্ড এবং ২৮ লাখ ৫০ হাজার ডলার জরিমানা করেছিল। পরে এক আপিল আদালতের নির্দেশে কারাদণ্ডের পরিমাণ কমিয়ে জরিমানার পরিমাণ বাড়িয়ে ৪১ লাখ ডলার করা হয়।
মামলা চলাকালীন সান্ডে পক্ষের আইনজীবী পিটার আলথিন সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে বলেছেন, “সে অত্যন্ত মেধাবী এবং আমি এখনও মনে করি মামলার রায়টি ভুল ছিল।”
তবে প্রতিষ্ঠাতারা গ্রেপ্তার হলেও পাইরেট বে সাইটটি এখনও চলছে বলেই জানিয়েছে গার্ডিয়ান। পাইরেট বে’র সাইটে বর্তমানে লেখা আছে, সাইটটি ভিন্ন একটি সংস্থা চালাচ্ছে এবং এটি সেইকেলেসের অধীনে নিবন্ধিত।
