২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিমোট নিয়ন্ত্রিত জাহাজ বানাচ্ছে রোলস-রয়েস

রিমোটের সাহায্যেই নিয়ন্ত্রণ করা যাবে এমন জাহাজ নির্মাণের কাজে হাত দিয়েছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস-রয়েস। প্রতিষ্ঠানটির পরিকল্পনা অনুযায়ী এরকম জাহাজে কোনো ক্রু এবং ক্যাপ্টেনও থাকবেন না, শুধু রিমোট দিয়েই নিয়ন্ত্রিত হবে জলযান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 07:58 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

এক প্রতিবেদনে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, মানুষবিহীন জাহাজে খরচ কম হবে এবং এ ধরনের জলযান পরিবেশবান্ধব আর নিরাপদ হবে বলে দাবি করছে রোলস-রয়েস এবং রিমোট নিয়ন্ত্রণাধীন জাহাজ নির্মাণের সঙ্গে যুক্ত ব্রিটিশ প্রকৌশলী প্রতিষ্ঠান।

এ প্রসঙ্গে রোলস-রয়েসের নৌ উদ্ভাবন এবং প্রযুক্তি বিভাগের প্রধান অস্কার ল্যাভেন্ডার বলেছেন, “প্রকল্পটির লক্ষ্য জাহাজকে আরও নিরাপদ করা। অধিকাংশ নৌ দুর্ঘটনাগুলোই হয় মানুষের ভুলের জন্য- মনোযোগের অভাব, ক্লান্তি ইত্যাদি কারণে। আমরা আরও নিরাপদ, আরামদায়ক উপায়ে জাহাজ চালানোর সেবা দিতে পারব।”

ল্যাভেন্ডার আরও জানিয়েছেন, বর্তমানে নৌ-প্রযুক্তির উন্নয়নের ফলে ক্যাপ্টেনের বলতে গেলে তেমন কোনো কাজ থাকে না। অথচ একজন ক্যাপ্টেনকে এখনও জাহাজ চালনা কৌশল সংক্রান্ত উচ্চ প্রশিক্ষণ দেওয়া হয়। ল্যাভেন্ডার এ বিষয়ে বলেছেন, “আপনার উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত লোক রয়েছে কিন্তু তারা স্বল্প সময়ের জন্য জাহাজ পরিচালনা করেন, তাদের সম্পূর্ণ সময়ের জন্যই জাহাজ পরিচালনা করতে দেওয়া হোক না কেন।”

রোলস-রয়েসের পরিকল্পনা অনুযায়ী, ক্যাপ্টেনরা জাহাজের বদলে অফিস থেকে জাহাজ পরিচালনা করবেন। তাদের বিশ্বের ভিন্ন ভিন্ন স্থলস্থানে নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হবে। সম্পূর্ণ ব্যাপারটিই অনেকটা বিমানের কন্ট্রোল রুমের মতো হবে। কম্পিউটার স্ক্রিনে তারা জাহাজ দেখতে পারবেন এবং জাহাজ যখন বন্দরের কাছে চলে আসবে তখন যানটির নিয়ন্ত্রণ ৩৬০ ডিগ্রি দৃশ্যমান সম্পূর্ণ ব্রিজ সিমুলেটরে স্থানান্তরিত হবে।

ল্যাভেন্ডার জানিয়েছেন, সিমুলেটর ইতোমধ্যেই ক্রুদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়েছে। আর ডজনখানেক ক্যামেরা জাহাজে স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে ল্যাভেন্ডারের বক্তব্য হচ্ছে, “মানুষের চোখের চেয়ে ক্যামেরা ভালো দেখতে পায়, সেগুলো পানির বিভিন্ন বস্তু চিহ্নিত করতে পারে যা মানুষের চোখে ধরা পড়ে না।”

যদি জাহাজ জটিল পরিস্থিতিতে পড়ে তাহলে কৃত্রিম উপগ্রহ লিংকের মাধ্যমে কন্ট্রোল সেন্টার থেকে তা কেউ না পৌঁছানো পর্যজন্ত বন্ধ রাখা হবে। নতুন এ প্রযুক্তিটি আগামী কয়েক মাসের মধ্যেই কার্গো জাহাজে পরীক্ষা করে দেখা হবে। ল্যাভেন্ডার জানিয়েছেন, প্রযুক্তিটি কয়েক বছরের মধ্যে কার্গো কেবল ফেরিতেও ব্যবহৃত হবে। জাহাজ রিমোট নিয়ন্ত্রণের অধীনে চলে আসলে পরিচালনা খরচও ৩০ শতাংশের বেশি হ্রাস পাবে বলেই জানিয়েছে গার্ডিয়ান।

এছাড়াও ক্রু না থাকলে জাহাজের হিটিং, এয়ার কন্ডিশনিং ইত্যাদি জিনিস কমে আসবে ফলে অভ্যন্তরীণ স্থান বৃদ্ধি পাবে। জলদস্যু বা জাহাজ ছিনতাই প্রসঙ্গে ল্যাভেন্ডার বলেছেন, “জাহাজে ক্রু না থাকলে জলদস্যুরা কোন ব্যক্তিকে জিম্মি করতে পারবে না। আর যদি তারা জাহাজ ছিনতাইয়ের চেষ্টা করে তাহলে জাহাজ বন্ধ করে দেওয়া হবে। তারা মাঝ সমুদ্রে অচল জাহাজে বসে থাকবে, চাইলে তাদের কাছাকাছি সামরিক ঘাঁটিতেও হস্তান্তর করা যাবে।”