২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার অ্যাপল কী দেখাবে

টেক জায়ান্ট অ্যাপলের বার্ষিক ডেভলপার্স সম্মেলনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। নতুন কী প্রযুক্তিপণ্য ও সফটওয়্যার এবার আনবে প্রতিষ্ঠানটি তাই নিয়ে অ্যাপলভক্তদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2014, 07:54 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

কোন কোন প্রযুক্তি পণ্য এবারের বার্ষিক সম্মেলনে উন্মোচিত হতে পারে তা এক প্রতিবেদনে জানিয়েছে অ্যাপল গুজববিষয়ক জনপ্রিয় সাইট ম্যাকরিউমার্স। আসুন দেখা যাক কী ধারণা করছে তারা--

১. আইওএস ৮

আইফোন ব্যবহারকারীদের সঙ্গে নতুন আইওএস ৮ অ্যাপের সঙ্গে এবার পরিচয় করিয়ে দিতে পারে অ্যাপল। তবে আসলে কী কী থাকবে আইওএস ৮-এ তা কেবল জানা সম্ভব উন্মোচনের পরই।

২. ওএস এক্স ১০.১০

ওএস এক্সের নতুন সংস্করণ ওএস এক্স ১০.১০ নিয়ে আসতে পারে অ্যাপল। গুজব ছড়িয়েছে, নতুন ওএস এক্সের নাম হতে পারে ‘ইয়োসেমাইট’। যেহেতু এর আগের সংস্করণের ইউজার ইন্টারফেইসে খুব কমই পরিবর্তন এনেছিল অ্যাপল, তাই এবার ধারণা করা হচ্ছে, নতুন ওএস এক্স ১০.১০-এর ইউজার ইন্টারফেইসে বিশাল পরিবর্তন আসবে।

৩. স্মার্ট হোম প্ল্যাটফর্ম

অ্যাপল হয়তো নতুন একটি সফটওয়্যার লঞ্চ করতে পারে যার মাধ্যমে আইফোন দিয়েই লাইট, সিকিউরিটি সিস্টেম এবং অন্যান্য গৃহস্থালি গ্যাজেট নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

৪. বিটস ইলেকট্রনিক্স

হেডফোন ও স্পিকার নির্মাতা প্রতিষ্ঠান বিটসকে কিনে নিয়েছে অ্যাপল। চুক্তি অনুসারে বিটসের সহ-প্রতিষ্ঠাতা ডক্টর ড্রে এবং জিমি ইয়োভাইন অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডি কিউ-এর অধীনে কাজ করবেন। গুজব ছড়িয়েছে বিটস আইপডও আনতে যাচ্ছে অ্যাপল। কিন্তু এটা কি খুব বিশ্বাসযোগ্য? অ্যাপল বিটসকে কিনে নিয়েছে এক সপ্তাহও হয়নি, এরই মধ্যে পণ্য তৈরি সম্ভব? তবে, ড্রে এবং ইয়োভাইন টিম কুক-এর কি নোট প্রেজেন্টেশনের অংশ হিসেবে মঞ্চে উঠতে পারেন। তবে তারা ঠিক কী বলবেন, সেটি পরিষ্কার নয়।

৫. ম্যাক মিনি

২০১২ সালের পরে আর ম্যাক মিনির কোনো আপডেট আসেনি। এবারের সম্মেলনে ম্যাক মিনির আপডেট আসতে পারে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।

৬. স্বল্পদামী আইম্যাক এবং ৮জিবি আইফোন ৫এস

কেজিআই বিশ্লেষক মিং-চি কুয়ো সম্প্রতি জানিয়েছেন, স্বল্পদামী আইম্যাক এবং ৮জিবি আইফোন ৫এস নিয়ে আসার পরিকল্পনা রয়েছে অ্যাপলের। (এটাও খুব বিশ্বাসযোগ্য নয়, ৮ জিবি আর ১৬ জিবি মেমরি চিপের মধ্যে দামের পার্থক্য খুব বেশি নয়। বরং আগের চেয়েও বেশি ধারণক্ষমতার ফোন আনতে পারে অ্যাপল।)

৭. অ্যাপল টিভি

গুজব ছড়িয়েছে অ্যাপল নতুন ডিজাইনের সেট-টপবক্স নিয়ে কাজ করছে। এমনকি কমকাস্ট এবং টাইম ওয়ার্নারের সঙ্গে অ্যাপলের সম্পৃক্ততার গুজবও শোনা যাচ্ছে। তবে আদৌ এটি হচ্ছে কি না সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বার্ষিক সম্মেলনের আসরেই।

৮. আইওয়াচ

আইওয়াচের গুজব গতবছরে শোনা গেলেও এবার তা আরও জোরালো হয়েছে। এর একটি কারণ হিসেবে বলা যেতে পারে, অ্যাপল স্বাস্থ্য এবং ফিটনেস ক্ষেত্রে এ বছর অনেককেই নিয়োগ দিয়েছে। আইওয়াচে স্বাস্থ্যবিষয়ক প্রযুক্তি থাকবে বলেই জানিয়েছে ম্যাকরিউমার্স। আইওয়াচও উন্মোচন করা হতে পারে এবার।

৯. ১২-ইঞ্চি রেটিনা ম্যাকবুক

শোনা যাচ্ছে, অ্যাপল ১২-ইঞ্চি ম্যাকবুক আপডেট নিয়ে কাজ করছে যাতে রেটিনা ডিসপ্লেও থাকবে। এমনকি এটি ম্যাকবুক এয়ারের চেয়েও পাতলা হবে। সম্মেলনে এ বিষয়েও আলোকপাত করতে পারে অ্যাপল।