২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট এবং ই-কমার্স ভ্যাট প্রত্যাহার চায় বেসিস

ইন্টারনেট এবং ই-কমার্সের উপর থেকে ভ্যাট এবং আগামী ১০ বছরের জন্য আয়কর প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 06:31 PM

Updated : 25 Apr 2022, 04:15 PM

আইসিটি খাতে বাজেট ও ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪-এর আয়োজক কমিটির এক গোলটেবিল বৈঠকে অর্থমন্ত্রী এ এম এ মুহিতের কাছে আইসিটি বাজেট প্রস্তাব হস্তান্তরের সময় এই আহ্বান জানান বাংলাদেশে সফটওয়্যার নির্মাতাদের সংগঠনের সভাপতি শামীম আহসান।

ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী; প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী;  বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ; বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান; পোস্ট, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এর প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক; পোস্ট, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান; বিসিসি নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম; এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এবং বেসিস এর জ্যেষ্ঠ সহ সভাপতি সৈয়দ আলমাস কবির।

এক বিজ্ঞপ্তিতে বেসিস জানিয়েছে, ওই বৈঠকে অর্থমন্ত্রীর কাছে আইসিটি বাজেট প্রস্তাব হস্তান্তরের সময় ভ্যাট এবং ১০ বছরের জন্য আয়কর প্রত্যাহারের আহ্বান জানান বেসিস সভাপতি। সরকার ওই পদক্ষেপ নিলে আইসিটি খাত আরও দ্রুত বাড়বে এবং আগামী ১৫ বছরের মধ্যে বাংলাদেশ একটি উচ্চ আয়ের দেশ হিসেবে পরিণত হবে মন্তব্য করেন তিনি।

বেসিস সভাপতির এই আহ্বান পর্যালোচনা করে দেখার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। তবে ভ্যাট অপরিহার্য হওয়ায় সম্পূর্ণ মওকুফ করা সম্ভব হবে না বলে জানান তিনি।

টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বেসিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ আইটি এক্সপজিসান ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’। ৪ জুন, ২০১৪ থেকে ৭ জুন, ২০১৪ পর্যন্ত ঢাকা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই এক্সপো। গোলটেবিল বৈঠকে ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪ এর বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন উপস্থিতরা।