অ্যাপলের ‘নতুন আইপড’ বিটস!
সম্প্রতি মার্কিন টেক জায়ান্ট অ্যাপল বিটস মিউজিক কিনে নিয়েছে ৩০০ কোটি ডলারে। হঠাৎ হঠাৎ অন্য প্রতিষ্ঠান কিনে ফেলার অভ্যাস নেই অ্যাপলের।
কিনলেও সেটা শ’কোটি ডলারের বিনিময়ে তো নয়ই। তবে বিটস কেনার কারণ কি? বিচার-বিশ্লষণ করে বোদ্ধাদের মত- নতুন কোনো পণ্য তৈরির জন্য বিটস কিনেছে অ্যাপল। সম্ভবত বিটস মিউজিকই হবে অ্যাপলের নতুন আইপড!
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল বিস্তারিত জানিয়েছে প্রযুক্তি বোদ্ধাদের এই মাতমত নিয়ে। ২০০১ সালের পর প্রযুক্তি জগত ভেসেছিল আইপড জোয়ারে। ধুঁকতে থাকা অ্যাপলের শিরায় নতুন রক্তের সঞ্চালন করেছিল ডিভাইসটি। বিশ্বব্যাপী আইপডের জনপ্রিয়তায় ভর করেই ফিরেছিল অ্যাপল। এবার বিটস মিউজিকের প্রযুক্তি আর সেবা ব্যবহার করে হয়তো নতুন কোনো পণ্যই উপহার দিতে চলেছে অ্যাপল যা কিনা ঘুরিয়ে দেবে প্রযুক্তি বাজারের মোড়।
২০০১ সাল থেকে ২০০৫ সালের মধ্যে অ্যাপলের অবস্থান পাল্টে দিয়েছিল আইপড। সবখানে, সবার হাতে হাতে ছিল সাদা কেবলের আইপড হেডফোন। ওই সময়ে শুধু আইপডের বিক্রিই বাড়েনি, সঙ্গে বিক্রি বেড়েছিল অ্যাপলের তৈরি ম্যাক কম্পিউটারের। অ্যাপলের পণ্য কখনো ব্যবহার করেননি এমন ব্যক্তিরাও কিনছিলেন অ্যাপলের ম্যাক কম্পিউটারগুলো। আইপড শুধু একক পণ্য হিসেবেই সাফল্য পায়নি, প্রতিষ্ঠানের সবগুলো পণ্যের প্রতি নতুন করে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিল ডিভাইসটি।
২০১০ সাল থেকে প্রায় একই রকমের সাফল্য পেয়েছে বিটস। তাই সব মিলিয়ে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন বিটস এর মাধ্যমে একেবারে নতুন কোনো ডিভাইস বা প্রযুক্তি পণ্য নির্মাণ করতে চলেছে অ্যাপল। আইপডের মতো বিটসও হয়তো অ্যাপলের তুরুপের তাস।
