তুরস্কে ইউটিউব খুলতে আদালতের রায়
ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবের ব্লক উঠিয়ে নিতে তুরস্ক সরকারকে আদেশ দিয়েছে দেশটির আদালত। সাইটটিতে তথাকথিত সরকারি দূর্নীতির ভিডিও ছড়িয়ে পরার পর মার্চ মাসে সাইটটি ব্লক করে দিয়েছিল তুরস্ক সরকার।
কিন্তু ওই স্বিদ্ধান্ত বাক-স্বাধীনতা আইনের পরিপন্থী মন্তব্য করে সাইটটির উপর থেকে ব্লক উঠেয়ে নেওয়ার আদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালত।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আদালতের এই আদেশ প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগানের জন্য ‘বড় একটা ধাক্কা’। মাইক্রোব্লগিং সাইট টুইটার এবং ভিডিও শেয়ারিং সাইট ইউটিইবে এরদোগানের নেতৃত্বাধীন সরকারের দূর্নীতির অভিযোগ ছড়ানোর পর থেকে সাইটদুটির ব্যাপক সমালোচনা করেছেন তিনি।
সরকারি বৈঠকের অডিও রেকর্ডিং সাইটদুটিতে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার মুখে পরেছিলেন এরদোগান। ওই রেকর্ডিংয়ে সিরিয়ায় তুরস্কের সেনাবাহিনী সামরিক অভিযান চালাবে কি না, সেই বিষয়ে আলোচনা করছিলেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা। একাধিক এরদোগান অনুসারীর দূর্নীতির প্রমানও নাকি আছে ওই অডিওতে।
এবার সাংবিধানিক আদালত আদেশ করলেও সরকার তা গ্রাহ্য করবে কি না, তা পরিষ্কার নয় বলেই জানিয়েছে বিবিসি। ‘আক্রমণাত্মক কন্টেন্ট’ সাইটগুলোতে এখনও আছে বলে দাবি তুরস্ক সরকারের। ভিডিও শেয়ারিং সাইটটি ব্লক করার স্বিদ্ধান্তকে ‘সতর্কতামূলক প্রশাসনিক পদক্ষেপ’ বলে ব্যাখ্যা দিয়েছে তুরস্কের টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
তুরস্কের ইউটিউব ব্লক করার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০০৭ সালে ব্লক করে দেওয়া হয়েছিল ভিডিও শেয়ারিং সাইটটি। সেই ব্লক উঠিয়ে নেওয়া হয় ২০১০ সালে।
