ফেইসবুক কনট্যাক্ট আইফোনে আনতে…
টেক জায়ান্ট অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস ৬ এবং এর পরবর্তী সংস্করণগুলোয় এমন সুবিধা রয়েছে, যার সাহায্যে সামাজিক মাধ্যম ফেইসবুক বন্ধুদের আইফোনের কনট্যাক্ট লিস্টে নিয়ে আসা সম্ভব।
তবে এটি স্বয়ংক্রিয়ভাবে হবে না। ব্যবহারকারীকেই সেটিংস থেকে এ কাজটি করতে হবে। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে এর প্রক্রিয়াটি জানিয়েছে। প্রতিবেদনটির আলোকে চলুন জেনে নেই সহজ এই প্রক্রিয়াটি-
প্রথমেই সেটিং মেনুতে প্রবেশ করে স্ক্রল করে খুঁজে নিন ফেইসবুক। আইফোনে ফেইসবুক অ্যাপ থাকা সত্ত্বেও আপনার ফেইসবুক বন্ধুদের আইফোন কনট্যাক্ট অ্যাপে নিয়ে আসার জন্য এখান থেকে সাইন-ইন করতে হবে। এখান থেকে সাইন-ইনের ফলে আপনার কনট্যাক্ট নিয়ে আসার ফাংশনটি সক্রিয় হবে।
তবে এভাবে সাইন ইন করার সময় কনট্যাক্ট সেটিং বাই ডিফল্ট ‘অন’ অবস্থায় রাখতে হবে। সবকিছু ঠিক থাকলে ‘আপডেট অল কনট্যাক্ট’ চাপলেই ফেইসবুক বন্ধুরা আইফোনে কনট্যাক্ট অ্যাপে চলে আসবে।
আপনি চাইলে ফেইসবুক কনট্যাক্টের পাশাপাশি ফেইসবুক ক্যালেন্ডারের ইভেন্টগুলোও আইফোনে নিয়ে আসতে পারবেন। তবে না চাইলে শুধু ‘অফ’ স্লাইড করেই আপনি এটি বন্ধ করতে পারবেন।
ফেইসবুক বন্ধুদের আইফোন কনট্যাক্ট অ্যাপে নিয়ে আসার পর ফোনের কনট্যাক্ট অ্যাপেই ফেইসবুক বন্ধুদের ছবি ও এর সঙ্গে সম্পৃক্ত ডেটা খুঁজে পাবেন। কিন্তু যদি আপনার ফেইসবুক বন্ধু আগে থেকেই আপনার আইফোন কনট্যাক্ট অ্যাপে থাকেন তাহলে কী করবেন?
এর সমাধানের জন্যও রয়েছে খুবই সহজ একটি উপায়। যদি আপনার গুটিকয়েক ফেইসবুক বন্ধু আইফোন কনট্যাক্ট অ্যাপে থাকে তাহলে দুটি কনট্যাক্টকে একটি কনট্যাক্টে পরিণত করুন।
দুটি কনট্যাক্টকে একটি কনট্যাক্টে পরিণত করতে যে কোনো একটি কনট্যাক্টের পেইজে গিয়ে বাম দিকের উপরের অংশে থাকা এডিট চাপুন। এরপর স্ক্রল করে নিচে এসে ‘লিংকড কনট্যাক্ট’ সেকশনে যান, সেখান থেকে লিংক কনট্যাক্ট চেপে নির্ধারণ করে দিন দুটির মধ্যে কোন কনট্যাক্টটিকে আপনি মার্জ করতে চাচ্ছেন।
সবকিছু ঠিকঠাক মতো করতে পারলে আইফোন কনট্যাক্ট অ্যাপে ফেইসবুক ডেটা সম্বলিত তথ্যসহ একটি কনট্যাক্ট কার্ড দেখতে পাবেন।
পরবর্তীতে যদি কখনও আইফোন কনট্যাক্ট থেকে ফেইসবুক বন্ধুদের বাদ দিতে চান তাহলে ফোনের সেটিংস মেনু থেকে ফেইসবুকে গিয়ে কনট্যাক্ট অপশনে ‘অফ’ চাপলেই আপনার ফেইসবুক বন্ধুরা আর আইফোন কনট্যাক্ট অ্যাপে থাকবে না।
