২৫ বছরে এলওএল
ধীরে ধীরে ২৪টি বছর পেরিয়ে ২৫ বছরে পা রাখল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত ‘লাফ আউট লাউড’-এর সংক্ষিপ্ত রূপ এলওএল (LOL)। বর্তমানে অনলাইন সামাজিক যোগাযোগে অহরহই এলওএল ব্যবহৃত হয়।
ইতিহাস ঘেঁটে দেখা গেছে, ১৯৮৯ সালের মে মাসে প্রথম ব্যবহৃত হয়েছিল এলওএল। ‘এলওএল’-এর ২৫ বছর উপলক্ষে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এক প্রতিবেদনে তুলে ধরেছে বিভিন্ন ক্ষেত্রে লাফ আউট লাউডের ব্যবহার। প্রতিবেদনটির আলোকে চলুন আমরাও সে ব্যবহারগুলো সম্পর্কে জেনে নেই-
প্রথম ব্যবহার
আন্তর্জাতিক ফিডোনেট অ্যাসোসিয়েশনের ১৯৮৯ সালের ৮মে প্রকাশিত নিউজলেটারের ১১ পৃষ্ঠায় ‘লাফ আউট লাউড’-এর সংক্ষিপ্তরূপ হিসেবে ব্যবহার করা হয়েছিল ‘এলওএল’।
ভুল অর্থে এলওএলের ব্যবহার
অনেকেই এলওএল এর পূর্ণরূপ মনে করেন ‘লটস অফ লাভ’। এ নিয়ে মজার ঘটনারও সৃষ্টি হয়েছে। এলওএল এর পূর্ণরূপ ‘লটস অফ লাভ’ মনে করে এক মা তার সন্তানকে টেক্সট পাঠিয়েছিলেন, “মাত্রই তোমার বড়মা মারা গেছেন, এলওএল”। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তো এলওএল একই ভুল অর্থে ব্যবহার করে রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন।
এলওএলের বিরক্তিকর পরিবর্তন ও সংস্করণ
সময়ের বিবর্তনে ভাষার পরিবর্তন হয়। ২৫ বছরে এলওএলের পরিবর্তনও কম হয়নি। গার্ডিয়ান জানিয়েছে, এলওএলের সবচেয়ে বেশি বিরক্তিকর পরিবর্তনগুলো হচ্ছে LOOOOOOOL (laugh out out out out out out out loud), LOLOLOLOL (laugh out loud out loud out loud out loud), ROFL (rolling on floor laughing)।
তবে সবচেয়ে বেশি যে বিকৃত পরিবর্তনটি ঘটেছে সংক্ষিপ্তরূপটির তা হলো LOLcano!
তেমন হাস্যকর নয় যে এলওএল ব্যবহার
২০১১ সালে শব্দ তালিকায় LOL–কে স্থান দিয়েছে অক্সফোর্ড অভিধান। যদি কোনো আগ্রহী ব্যক্তি এলওএল ব্যবহারের উদাহরণ অক্সফোর্ড ডিকশনারিতে খুঁজতে যান, তাহলে তাকে দেখানো হবে "I love how you said 'coffee is not my cup of tea'. LOL!"
গানেও ‘এলওএল’
এলওএল নাম দিয়ে গান গেয়েছিল রকস্টা নামের একটি ব্যান্ড। সম্পূর্ণ গানটিই জার্মান ভাষায় গাওয়া হয়েছে। অন্যদিকে ২০০৯ সালে র্যা প শিল্পী ট্রে সংজ (Trey Songz) এলওএল নামে আরেকটি গান গেয়েছিলেন। কিন্ত এ গানটি মোটেও ‘কুল’ নয় বলেই জানিয়েছে গার্ডিয়ান।
সিনেমার নামও এলওএল
২০০৬ সালে এলওএল নামের কম বাজেটের একটি সিনেমা পরিচালনা করেছিলেন মামব্লেকোর অটার জোয়ি সোয়ানবার্গ। প্রযুক্তি সামাজিক সম্পর্কে কী রকম প্রভাব ফেলছে সে ধরনের কাল্পনিক ঘটনা নিয়েই বানানো হয়েছিল সিনেমাটি। অন্যদিকে এলওএল নামে ভিন্ন একটি সিনেমাও নির্মিত হয়েছিল। মাইলি সাইরাস, ডেমি মুর অভিনীত সে সিনেমা মোটেও হাসির নয় বলেই জানিয়েছে গার্ডিয়ান।
এলওএলের নিষ্ঠুর ব্যবহার!
ডেভিড ক্যামেরনের ভুল অর্থে ‘এলওএল’ ব্যবহারের বিষয়টি যখন ফাঁস হয় তার পরে লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড বিশেষ এক মূহূর্তে ক্যামেরনকে উদ্দেশ্য করে বলেন, “জনাব স্পিকার আমি নিশ্চিত যে একটি টেক্সট মেসেজ এবং এলওএল খুব ভালোভাবেই মানুষ ভুলে যাবে।”
