২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিনেমার অভিজ্ঞতা পাল্টে দেবে থ্রিডি মুভি গ্লাস

থ্রিডি ইমেজ স্ট্রিম ম্যানিপুলেট করে থ্রিডি সিনেমা দেখার অভিজ্ঞতার পুরোটাই পাল্টে দিতে পারে কানাডীয় স্টার্টআপ পাইপড্রিম ইন্টারঅ্যাক্টিভের তৈরি ইনভিজিভিসন থ্রিডি গ্লাস। এই থ্রিডি মুভি গ্লাস দিয়ে থ্রিডি সিনেমার বিভিন্ন ফিচার চালু বা বন্ধ করা যাবে নিজের ইচ্ছে মতো। এমনকি সাবটাইটেল বিরক্ত লাগলে বাদ দেওয়া যাবে সেটাও।

আব্দুল্লাহ জায়েদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 06:57 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, থ্রিডি সিনেমা দেখার পুরো অভিজ্ঞতাই ইনভিজিভিশন থ্রিডি গ্লাস পাল্টে দেবে বলে দাবি পাইপড্রিম ইন্ট্যার্যা ক্টিভের। বড় পর্দায় থ্রিডি সিনেমার উপস্থাপনা থাকবে বরাবরের মতোই, কিন্তু সিনেমা দেখার অভিজ্ঞতার নিয়ন্ত্রণ থাকবে দর্শকের হাতে।

সাধারণত থ্রিডি ডিসপ্লেতে এক সঙ্গে দুটি ইমেজ স্ট্রিম প্রদর্শিত হয়। থ্রিডি সিনেমার ইমেজ স্ট্রিম গুলো হুবহু একই রকম হলেও একটি স্ট্রিম প্রদর্শিত হয় পর্দার কেন্দ্র থেকে সরিয়ে। এ কারণেই থ্রিডি গ্লাস চোখে সিনেমা দেখলে পর্দায় গভীরতার অনুভূতি হয়। আর ইনভিজিভিশন থ্রিডি গ্লাসের মূল কাজটাই ওই দুই ইমেজ স্ট্রিম নিয়ে।

অভিনব এই থ্রিডি মুভি চশমায় আছে একাধিক ফিল্টার যার মাধ্যমে ওই ইমেজ স্ট্রিম দুটি দেখা যাবে অদল-বদল করে। ফিল্টার উঠানো থাকলে দেখা যাবে একটা স্ট্রিম, আর নামানো থাকলে দেখা যাবে অন্যটি। সিনেমা দেখতে বসে অনেকটা নিজের ইচ্ছে মতো আবহ তৈরি করার সুযোগ পাবেন দর্শক। এছাড়াও ইচ্ছে মতো সাবটাইটেল সহ বা সাবটাইটেল বাদ দিয়েও দেখারে সুযোগ পাবেন গ্রাহক।

তবে ইনভিজিভিশনের সীমাবদ্ধতাই কাল হয়ে দাঁড়াতে পারে এই অভিনব প্রযুক্তি পন্যটির জন্য। সব থ্রিডি মুভির ক্ষেত্রে কাজ করবে না ইনভিজিভিশন। গ্যাজটটির জন্য আলাদা ফরম্যাটে থাকতে হবে সিনেমাটিকে।

ইনভিজিভিশনকের বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে কিকস্টার্টার ক্যাম্পেইন শুরু করেছে পাইপড্রিম ইন্ট্যার্যাভক্টিভ। ক্যাম্পেইনে ২৩ ডলার অনুদান দিলে মিলবে এক জোড়া নীল ইনভিজিভিশন থ্রিডি গ্লাস। কিকস্টার্টার ক্যাম্পেইনের ২২ দিন বাকি আছে এখনও, এর মধ্যে ১ লাখ ৮০ হাজার ডলার লক্ষমাত্রার ১৯ হাজার ডলার সংগ্রহ করতে সমর্থ হয়েছে প্রতিষ্ঠানটি।