২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

“আমিই বানিয়েছি ওবামার ব্ল্যাকবেরি!”

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য বিশেষভাবে নির্মিত ব্ল্যাকবেরি স্মার্টফোন তৈরি নিয়ে এই প্রথম কোনো তথ্য জানালেন সাবেক এক এনএসএ কর্মকর্তা। আর ওই ব্যক্তির নাম রিচার্ড জর্জ, যিনি ডিকি জর্জ নামেই অধিক পরিচিত এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) থেকে অবসর নেয়া সাবেক কারিগরি পরিচালক। রেওয়াজ ভেঙ্গে এনএসএ-কে ২০০৮ সালে স্মার্টফোন তৈরি করে দিতে অনুরোধ করেছিলেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 06:20 PM

Updated : 25 Apr 2022, 04:14 PM

এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, ওবামার ব্ল্যাকবেরি স্মার্টফোনটির অ্যালগরিদম, লেখা এবং প্রকৌশলী ডায়াগ্রাম সম্পর্কে জানিয়েছেন জর্জ।

“যেদিন প্রেসিডেন্ট জানালেন যে তিনি একটি স্মার্টফোন চান সেই দিনটি এনএসএর জন্য অসম্ভব ক্লান্তিকর একটি দিন ছিল।”

ওবামা এনএসএ-কে অনুরোধ জানানোর পর এনএসএ বিশেষজ্ঞদের একটি দল গঠন করে আলাদা ল্যাব বসিয়েছিল। বিশেষজ্ঞদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটিই ছিল ডিভাইস থেকে সম্ভাব্য সব ক্ষতিকর জিনিস সড়িয়ে ফোনটিকে যোগাযোগের জন্য নিরাপদ করা। এ প্রসঙ্গে জর্জ বলেছেন, “বিষয়টি অনেককেই বেশ চিন্তিত করে তুলেছিল, কেউই এমন কোনো কিছু স্থাপন করতে চাচ্ছিলেন না যা একশ’ ভাগ নিরাপদ নয়। যেসব ফাংশনের প্রয়োজন নেই তা সড়িয়ে ফেলা হচ্ছিল, প্রতিটি ফাংশনের অংশই হতে পারতো প্রতিদ্বন্দ্বীদের জন্য সুবর্ণ সুযোগ”।

জর্জ জানিয়েছেন, প্রেসিডেন্ট ওবামা এমন একটি ফোন চেয়েছিলেন যার মাধ্যমে তিনি তার উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ওবামা ব্ল্যাকবেরি স্মার্টফোন পছন্দ করলেও, পরবর্তীতে তার জন্য নির্ধারিত স্মার্টফোনের মডেল প্রেসিডেন্ট নয়, এনএসএ ঠিক করেছিল।

মজার বিষয় হচ্ছে, অনেক ফাংশন এবং ফিচার সড়িয়ে নেয়ার কারণে প্রেসিডেন্ট ওবামা তার ফোনে অ্যাংগ্রি বার্ডের মতো গেইম খেলতে পারেন না। তবে প্রেসিডেন্টের ফোনে কী কী গোপনীয় ফাংশন, ফিচার স্থাপন করা হয়েছে সে বিষয়টি গোপন রেখেছে এনএসএ। এমনকি ফোনটি থেকে টেক্সট বা ইমেইল পাঠানো সম্ভব কিনা সেটি সম্পর্কেও মুখ খোলেনি এনএসএ।